Logo

জাতীয়

বইমেলায় বিশৃঙ্খল আচরণ আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন : প্রধান উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩২

অ
বইমেলায় বিশৃঙ্খল আচরণ আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন : প্রধান উপদেষ্টা

বইমেলায় বিশৃঙ্খল আচরণ আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন উল্লেখ করে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ বিবৃতি দেওয়া হয়। 

বিবৃতিতে উল্লেখ করা হয়, অমর একুশে গ্রন্থমেলায় একটি বুকস্টলে বাগবিতন্ডা-হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ধরনের বিশৃঙ্খল আচরণ বাংলাদেশে নাগরিকের অধিকার এবং দেশের আইন উভয়ের প্রতিই অবজ্ঞা প্রদর্শন করে। 

প্রধান উপদেষ্টার বিবৃতিতে বলা হয়, একুশে বইমেলা এদেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা। এদেশের সাহিত্যিক, প্রাবন্ধিক, চিন্তক, শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশা-বয়সের মানুষের মিলনস্থল। বইমেলায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ণ করে, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে।  

বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে। মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এই তাৎপর্যপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন