ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর মিরপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’র অভিযানে মা ও শিশু হাসপাতালের স্টোরকিপার রফিকুল ইসলামের অফিস কক্ষের ড্রয়ার থেকে একটি পিস্তল সদৃশ বস্তুসহ নাশকতার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে মিরপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরপরই মিরপুরের বিএভিএস হাসপাতাল ছেড়ে পালিয়ে যায় স্টোরকিপার রফিকুল ইসলাম। এছাড়া সাময়িক বরখাস্ত হন হাসপাতালটির উপপরিচালক নজরুল ইসলাম।
মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক সাজ্জাদ রুমন জানান, পিস্তল উদ্ধার হলে হাসপাতালটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভীতি সৃষ্টি হয়। একপর্যায়ে তারা স্টোরকিপার রফিকুলের গ্রেপ্তারের দাবিতে মিরপুর মডেল থানার সামনে বিক্ষোভ করেন।
পরে বিক্ষোভে অংশগ্রহণ করা কর্মকর্তা-কর্মচারীদের আশ্বাস দিয়ে তিনি জানান, অতি দ্রুত তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জেসি/এমবি

