Logo

জাতীয়

সাবেক খাদ্যমন্ত্রী কামরুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৮

অ
সাবেক খাদ্যমন্ত্রী কামরুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর

ছবি : সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শেখ ছামিদুল ইসলামের আদালত এ আদেশ দেন।

দুদকের পক্ষে সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান গত ৫ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। আদালত তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য ১১ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেন। এ দিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।

গত বছরের ২৩ ডিসেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার এজাহারে বলা হয়, কামরুল ইসলামের নামে জ্ঞাত আয়বহির্ভূত ৬ কোটি ২৯ লাখ ১৯ হাজার ১৯৫ টাকার সম্পদের মালিকানা অর্জন করে ভোগ দখলে রাখা এবং ১৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ২১ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৪৬৫ টাকা লেনদেন হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ঢাকা-২ আসনের এই সাবেক সংসদ সদস্য।

গত বছর ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা–১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৯ নভেম্বর তাকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। এছাড়া, তার বিরুদ্ধে আরও কয়েকটি হত্যা মামলা রয়েছে। তাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডেও নেওয়া হয়।

জেএন/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন