সরকারকে শাহবাগে অবস্থানরত শিক্ষকদের আল্টিমেটাম
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৭
ছবি : বাংলাদেশের খবর
নিয়োগপত্র পেয়েও আইনি জটিলতায় চাকরিতে যোগদান করতে না পারা সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা সরকারকে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। তারা বলছেন, বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার মধ্যে মামলা খারিজ না করলে আরও কঠোর কর্মসূচি দিবেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগানে উত্তাল পরিস্থিতি সৃষ্টির পরও সন্ধ্যা পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় আল্টিমেটাম দিয়েছেন তারা।
তারা বলছেন, মঙ্গলবার (আজ) রাতের মধ্যেই আমরা মামলার কার্য তালিকা দেখতে চাই এবং আগামীকাল দুপুর ১২টার মধ্যেই মামলা প্রত্যাহার করে নিতে হবে। যদি তা না হয়, তাহলে এই শাহবাগেই আরও কঠিন আন্দোলন চলবে। এবারের আন্দোলন জনসমুদ্রে পরিণত হবে। আমরা যোগদান না পাওয়া পর্যন্ত রাজপথ ত্যাগ করব না।
প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে শিক্ষকরা বলেন, আমরা সম্মান না পেলে অন্য কারও সম্মানও আমরা রাখব না। এজন্য যা করার দরকার তাই করব। আগামীকাল থেকে আমরা আরও কঠিন হব।
এনএমএম/এমআই

