সাগর-রুনি হত্যা মামলা সরকারের প্রধান অগ্রাধিকার : উপদেষ্টা রিজওয়ানা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৯
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা সরকারের অগ্রাধিকার মামলার শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার লক্ষ্যে কাজ করছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় যাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী অডিটোরিয়ামে ‘সাগর-রুনি হিউম্যান রাইটস ফটো অ্যাওয়ার্ড’ প্রদর্শনীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, ‘এ হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। বিচার না হওয়ার কোনো কারণ নেই। অতীতে বিভিন্ন অসহযোগিতার কারণে মামলার তদন্তে জটিলতা তৈরি হলেও এখন সরকার কোনো হস্তক্ষেপ করছে না। তদন্তে প্রয়োজনীয় তথ্য পাওয়া গেলে দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করা সম্ভব হবে।’
তিনি তদন্ত প্রতিবেদনের দীর্ঘসূত্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘প্রতিবেদন প্রকাশে বারবার সময় নেওয়া হয়েছে, কিন্তু ফলাফল আসেনি। এতে সন্দেহের সৃষ্টি হয়েছে। নিহতদের পরিবার দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে। ন্যায়বিচার পেলে তারা শান্তি পাবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধ হবে।’
প্রদর্শনীতে নিহত সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান মাহির সরোয়ার মেঘ, ভাই নওশের আলম রোমানসহ তাদের পরিবারের সদস্য, সহকর্মী, মানবাধিকার কর্মী, সাংবাদিক, ফটোগ্রাফার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে, উপদেষ্টা প্রদর্শনী ঘুরে দেখেন এবং সাগর-রুনির স্মৃতিচারণ করেন।
এইচকে/এমএইচএস

