আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১১
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ন্যায়ভিত্তিক, সুসংহত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য নিরাপত্তা এবং উন্নয়ন অপরিহার্য। আর এ নিরাপত্তা ও উন্নয়নে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের তৃণমূল প্রশাসনিক স্তর পর্যন্ত বিস্তৃত এ বাহিনী নিরাপদ সমাজ কাঠামো গঠন, মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সুদূরপ্রসারী অবদান রাখছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমিতেআনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দানকালে এসব কথা বলেন তিনি।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
উপদেষ্টা বলেন, দেশসেবার ব্রত নিয়ে গড়ে ওঠা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অবদান অনস্বীকার্য। তিনি বলেন, এ বাহিনীর ৩৯টি পুরুষব্যাটালিয়ন, ২টি মহিলা ব্যাটালিয়ন, একটি বিশেষায়িত গার্ড ব্যাটালিয়নসহ (এজিবি) মোট ৪২টি আনসার ব্যাটালিয়ন রয়েছে। তারমধ্যে ১৬টি আনসার ব্যাটালিয়নের সদস্যরা দুর্গম পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ‘অপারেশন উত্তরণ’-এ নির্ভরশীল সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। সামাজিক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক বন্ধন দৃঢ়কল্পে শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের সাথে একীভূত হয়ে রাষ্ট্রের অর্পিত যেকোনো দায়িত্ব আস্থার সাথে পালন করে যাচ্ছে এ বাহিনীর সদস্যরা।
তিনি আরও বলেন, ভূমিদস্যু প্রতিরোধ, ভেজাল বিরোধী অভিযান এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় উপজেলা প্রশাসনের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতন্দ্র প্রহরী সদস্যরা। দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে ও বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে দেশের কূটনৈতিক মিশনসমূহে নিরাপত্তা প্রদানে এ বাহিনীর ভূমিকা দৃশ্যমান। তাছাড়া দেশের অভ্যন্তরে প্রাকৃতিক এবং মানবসৃষ্ট সকল দুর্যোগে আনসার-ভিডিপি সদস্যরা মানবতার সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে।
অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৮জন কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য পদবির সদস্যদের মাঝে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান করা হয়।
এনএমএম/এটিআর

