এবারই প্রথম শবে বরাতের রাতে বিশ্ব ইজতেমা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৪
ইজতেমা মাঠে চলছে ব্যাপক প্রস্তুতি। ছবি : বাংলাদেশের খবর।
তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম শবে বরাতের পবিত্র রাতে ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ইজতেমার প্রথম রাতটি শবে বরাত হওয়ায় মুসল্লিদের মধ্যে বাড়তি উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে।
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ৫৮ বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবারের ইজতেমা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই প্রথমবারের মতো শবে বরাতের রাতে লাখো মুসল্লির উপস্থিতিতে ইসলামী সভা, দোয়া ও আমল অনুষ্ঠিত হবে।
জামিয়া কাশিফুল উলুম ঢাকার মহাপরিচালক ও ইসলামিক গবেষক মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ বলেন, ‘এমন পবিত্র ও বরকতময় রাতে বিশ্ব ইজতেমার মতো বৃহৎ ইসলামী জমায়েত নিঃসন্দেহে এক অনন্য ঘটনা। এই রাতের ফজিলতের কারণে এবারের ইজতেমা আরও বেশি আধ্যাত্মিক বরকতে পরিপূর্ণ হবে।’
তিনি আরও বলেন, ‘শবে বরাত হলো গুনাহ থেকে মুক্তি, তাকদির নির্ধারণ ও দোয়া কবুলের রাত। এই রাতে বান্দাদের জন্য আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া লাখো মুসল্লি এই পবিত্র রাতে আল্লাহর দরবারে প্রার্থনা করবেন, যা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, শবে বরাতের রাতে ইজতেমা অনুষ্ঠিত হওয়ায় দেশ-বিদেশের মুসল্লিদের মাঝে বিশেষ আবেগ কাজ করছে। ইতোমধ্যেই দলে দলে মুসল্লি ময়দানে আসতে শুরু করেছেন।
তিনি বলেন, ‘শবে বরাতের রাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এ ছাড়া পরদিন মুসলমানরা নফল রোজা রাখবেন। ঐতিহাসিক জুমার নামাজে প্রায় ২০ লক্ষাধিক মুসল্লির সমাগম আশা করা হচ্ছে।’
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজক মাওলানা সাদ অনুসারীরা মনে করছেন, শবে বরাতের রাতে ইজতেমা হওয়ায় এবারের আয়োজন আরও বেশি বরকতময় ও তাৎপর্যপূর্ণ হবে। ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ৫৮ তম বিশ্ব ইজতেমা।
এমএএস/এমজে

