‘সাবেক আইজিপির নেতৃত্বে গণহত্যা, তিনি দায় এড়াতে পারেন না’
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১১:১২
ফাইল ছবি
গণহত্যার সুপ্রিম কমান্ডার ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আর মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান কসাইয়ের মতো হত্যাকাণ্ড চালিয়েছেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
ট্রাইব্যুনালের জনাকীর্ণ এজলাসে আসামিদের বিরুদ্ধে অভিযোগের বিবরণকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘তার (মামুন) নেতৃত্বে গণহত্যা চালানো হয়েছে। এর দায় তিনি কোনোভাবেই এড়াতে পারেন না।’
এদিকে, শুনানির এক পর্যায়ে অভিযোগ শুনে হাউমাউ করে কাঁদেন গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল।
বুধবার (২০ নভেম্বর) সকালে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ আটজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন আনুষ্ঠানিকভাবে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়।
এ ছাড়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান সম্পর্কে বলেন, ‘দেশে কসাইয়ের মতো হত্যাকাণ্ড চালিয়েছেন। সরকারের আজ্ঞাবহ হয়ে তিনি (মামুন) বিরোধীদের উপর চালিয়েছেন নৃশংস নির্যাতন করেন। আয়নাঘরের রূপকার ছিলেন তিনিই।’
এ সময় কাঠগড়ায় হঠাৎ দাঁড়িয়ে চিৎকার করে বলেন, ‘আমি কখনওই আয়নাঘরে চাকরি করিনি।’
এদিকে, শুনানির সময় মাজহারুল হককে সাভার এলাকার ওসি উল্লেখ করে সেখানকার মানুষ পোড়ানোর ঘটনায় অভিযুক্ত করেন চিফ প্রসিকিউটর।
এ বক্তব্য শুনে হাউমাউ করে কাঁন্না শুরু করেন রাজধানীর গুলশান থানার সাবেক এই ওসি।
তিনি দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি শিক্ষার্থীদের পক্ষে ছিলেন। তিনি কখনো সাভার এলাকায় দায়িত্বে ছিলেন না। আন্দোলনের সময় গুলশান থানার দায়িত্বে ছিলেন। তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
চিফ প্রসিকিউটর এ প্রসঙ্গে বলেন, ‘তিনি ভুল করে মাজহারুল হককে সাভার এলাকায় দায়িত্ব পালনের কথা বলেছেন। আন্দোলনের সময় মাজহারুল গুলশান থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন ‘ শুনানিতে বাড্ডা এলাকায় মাজহারুলের নেতৃত্বে হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরেন তিনি।
ও আল্লাহ ও আল্লাহ বলে সজোরে চিৎকার করতে থাকা তাকে নিবৃত্ত করতে দায়িত্বরত পুলিশকে বেশ বেগ সামলাতে হয়েছে। এ সময় বিচারক তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি ন্যায়বিচার পাবেন।’
এরপর অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর পর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য একমাস সময় ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আগামী ১৯ ডিসেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
জেইউ/এমইউ

