‘অগাধ ক্ষমতা ছিল ইসির, তবে প্রয়োগের সমস্যা ছিল’
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১১:৫৭
ইসির অগাধ ক্ষমতা দেওয়া ছিল, তবে প্রয়োগের সমস্যা ছিল বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।
বুধবার (২০ নভেম্বর) আগারগাঁয়ের নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সঙ্গে ইসির প্রতিনিধি দলের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে সংবিধান ও আদালতের মাধ্যমে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। আপিল বিভাগের একটা রায়ে বলা হয়েছে, নির্বাচন কমিশনের অন্তর্নিহীত ক্ষমতা আছে। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা বিধি বিধানের সঙ্গে সংযোজনও করতে পারে৷ অগাধ ক্ষমতা দেওয়া ছিল। তবে এটা প্রয়োগের সমস্যা ছিল। এই সমস্যাটা দূরীভূত করতে হবে।’
কমিশন প্রধান বলেন, ‘একটা বিষয় সুস্পষ্টভাবে এসেছে। সেটা হলো, আমাদের আইনকানুন বিধিবিধানের কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো দূরীভূত করা দরকার। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো প্রয়োগ।’
বদিলউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) সচিবের নেতৃত্ব কর্মকর্তাদের সঙ্গে আমরা মতবিনিময় করেছি। ওনারা আগে নির্বাচন করেছেন, ভবিষ্যতেও করবেন। ওনারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। কী বিষয়ে আমাদের মনোযোগ দেওয়া দরকার এবং অগ্রাধিকার দেওয়া দরকার, সে মতামত নিয়েছি আমরা। খু্ব ভালো আলোচনা হয়েছে। ওনারা অনেকগুলো বিষয় আলোকপাত করেছেন। সুস্পষ্ট বিষয়ে আমাদের তারা লিখিত দেবেন। আলোচনা ফলপ্রসূ হয়েছে৷’
ডিআর/এমইউ

