ছবি : বাংলাদেশের খবর
টঙ্গীর তুরাগ তীরে চলমান সাদপন্থীদের ইজতেমায় অংশ নিয়েছেন ভারতের মাওলানা সাদের দুই ছেলে মাওলানা ইউসুফ ও মাওলানা ইলিয়াস। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ইজতেমা ময়দানে প্রবেশ করেন তারা।
বিষয়টি বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মো.সায়েম।
তিনি বলেন, ‘শুক্রবার সকাল ৮টা ১৫মিনিটে ময়দানে প্রবেশ করেছেন মাওলানা সাদের দুই সাহেবজাদা। পবিত্র শবে বরাত উপলক্ষে তাদের আগমনে মুসল্লিরা উচ্ছ্বসিত।’
তিনি আরও জানান, ‘আজ জুমার ইমামতি করবেন মাওলানা ইউসুফ বিন সাদ।’
এর আগে বৃহস্পতিবার বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুনের বয়ানের মাধ্যমে সাদপন্থীদের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। বয়ানের তরজমা করেন মাওলানা আব্দুল্লাহ চাঁদপুরি। আর শুক্রবার বাদ ফাজর বয়ান করেন মাওলানা মাওলানা আব্দুস সাত্তার। এদিন বাদ জুমা বয়ান করবেন ওয়াসিফুল ইসলাম (কাকরাইল), বাদ আসর হাফেজ মনজুর এবং বাদ মাগরিব মাওলানা জমশেদ।
দ্বিতীয় দিন শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফজরের পর বয়ান করবেন মোরসালিন, সকাল সাড়ে ৯টায় তালিমের মওজু পালন করবেন মুফতি ইয়াকুব, বাদ জোহর বয়ান করবেন আরবের মেহমাগণ, বাদ আসর মাওলানা মনির বিন ইউসুফ এবং বাদ মাগরিব মাওলানা আব্দুস সাত্তার।
শেষ দিন রোববার (১৬ ফেব্রুয়ারি) ফজরের পর বয়ান করবেন মুফতি রিয়াসাত। আর আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জামশেদ।
উল্লেখ্য, তাবলিগ জামাতের বিবদমান দুই গ্রুপ শুরায়ে নেজাম ও সাদপন্থীদের ইজতেমা আয়োজন ঘিরে নানা নাটকীয়তা ঘটেছে গত বেশকিছু দিন ধরে। অবশেষে শত সংকট কাটিয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সাদপন্থীদের বিশ্ব ইজতেমা শুরু হলো। তবে, আগামীতে টঙ্গীর ময়দানে আর কোনো ইজতেমা করতে পারবে না— এমন মুচলেকা দিয়েই ইজতেমা অনুষ্ঠান করছে তারা।
এর আগে গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ধাপে ইজতেমা পালন করেন শুরায়ে নেজাম অনুসারীরা।
ডিআর/এটিআর/এএস

