সাদ বিন ইউসুফের ইমামতিতে ইজতেমায় জুমা আদায়
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৬
দলে দলে মুসল্লিদের অংশগ্রহণে ইজতেমা ময়দানে জুমার জামাত সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪মিনিটে ভারতের মাওলানা ইউসুফ বিন সাদের ইমামতিতে এ জামাত সম্পন্ন হয়। এর আগে এদিন সাড়ে ১টার দিকে খুতবা শুরু হয়। খুতবায় বিশ্বমুসিলমের কল্যাণ কামনা করে পরকালীন মুক্তির জন্য প্রার্থনা করা হয়।
সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মো.সায়েম বাংলাদেশের খবরকে বলেন, প্রথম দিনের ইজতেমায় অংশ নিয়েছেন মাওলানা সাদের দুই ছেলে ছেলে মাওলানা ইউসুফ ও মাওলানা ইলিয়াস। শুক্রবার সকালে ইজতেমা ময়দানে প্রবেশ করেন তারা।
ইজতেমার শিডিউল কিছুটা পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন,বাদ জুমা থেকে ধারাবাহিক বয়ান চলবে। শুরুতে বয়ান করবেন কাকরাইল মসজিদের মাওলানা ওয়াসিফুল ইসলাম এবং বাদ আসর হাফেজ মনজুর। এসব বয়ান তরজমা করবেন মাওলানা রুহুল আমিন। আর বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা জমশেদ। তার বয়ান তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ ফজর বয়ান করবেন মাওলানা ইলিয়াস বিন সাদ, তরজমা করবেন মাওলানা ওসামা ইসলাম। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ, তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। আখেরি দিন রোববার (১৬ ফেব্রুয়ারি) হেদায়েতের কথা বলবেন মাওলানা ইউসুফ বিন সাদ, তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।
প্রসঙ্গত, তাবলিগ জামাতের বিবদমান দুই গ্রুপ শুরায়ে নেজাম ও সাদপন্থীদের ইজতেমা আয়োজন ঘিরে নানা নাটকীয়তা ঘটেছে গত বেশকিছু দিন ধরে। অবশেষে শত সংকট কাটিয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সাদপন্থীদের বিশ্ব ইজতেমা শুরু হলো। তবে, আগামীতে টঙ্গীর ময়দানে আর কোনো ইজতেমা করতে পারবে না— এমন মুচলেকা দিয়েই ইজতেমা অনুষ্ঠান করছে তারা।
এর আগে গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ধাপে ইজতেমা পালন করেন শুরায়ে নেজাম অনুসারীরা।
এমএএস/এটিআর

