ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। আর এই দায়িত্বে থাকা মো. ময়নুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের সংযুক্ত করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
একই প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে শেখ সাজ্জাদ আলীকে। সেইসঙ্গে এই দায়িত্বে থাকা মো. মাইনুল হাসানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এর আগে, শেখ হাসিনাসরকারের পতনের পর গত ৬ আগস্ট রাতে মো. ময়নুল ইসলামকে পুলিশের নতুন আইজিপি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ সদর দফতরে দায়িত্ব পালন করেছেন বাহারুল আলম। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দফতরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন।এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন। দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান।
ডিআর/এটিআর

