Logo

জাতীয়

আ.লীগ নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়ব না : হান্নান মাসউদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৩

অ
আ.লীগ নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়ব না : হান্নান মাসউদ

‘গণহত্যায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পৃক্ততা আন্তর্জাতিকভাবে প্রমাণ হওয়ার পরও তাদের বিচার ও দলটি নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়ব না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত মোহাম্মদ হাসানের জানাজা শেষে এসব কথা বলেন তিনি।

আব্দুল হান্নান মাসউদ বলেন, একদিকে অনেক শহিদ পরিবারের স্বজনরা প্রিয় জনের মরদেহ পর্যন্ত খুঁজে পাচ্ছে না। আরেকদিকে একটি গোষ্ঠী ও দল রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা শুরু করেছে।

তিনি আরও বলেন, গণহত্যায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পৃক্ততা আন্তর্জাতিকভাবেও প্রমাণিত হয়েছে। তাই নেতাকর্মীদের বিচার ও দলটি নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়ব না।

এদিকে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তার পরিবারের সদস্যরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, শেখ হাসিনার দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদের ধারা বজায় রাখতে জুলাইয়ের অভ্যুত্থানে গণহত্যা করেছে। তাই এ মাটিতে আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক শক্তিকে কাজে লাগিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ মোহাম্মদ হাসানের মরদেহ সাত মাস পর শনাক্ত হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর শহিদ মিনারে জানাজা অনুষ্ঠিত হয়।

এনএমএম/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন