অপারেশন ডেভিল হান্ট : ষষ্ঠ দিনে গ্রেপ্তার ৫০৯, মোট ৩৯২৪
বাংলাদেশ প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৩
সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন ৫০৯ জন, আর অন্যান্য মামলা ও ওয়ারেন্ট-মূলে গ্রেপ্তার করা হয়েছে ৯৪৮ জনকে। এ নিয়ে ডেভিল হান্ট অভিযানে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৯২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত থেকে গ্রেপ্তারের সময়ে একটি এক নলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ, ১০টি রামদা, একটি চাইনিজ ছুরি, একটি দেশীয় ছুরি, দুটি চাইনিজ চাপাতি, একটি চাইনিজ কুড়াল, তিনটি দা, চারটি ধামা এবং একটি দেশীয় কুড়াল উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে, যেখানে বেশ কয়েকজন হতাহত হন। এ ঘটনায় কাশেম খান নামে একজন আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হামলার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামের বিশেষ অভিযান শুরু হয়।
এনএমএম/এমএইচএস

