Logo

জাতীয়

বিচার বিভাগের পৃথক সচিবালয়ের দাবি

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১৩:২৫

অ
বিচার বিভাগের পৃথক সচিবালয়ের দাবি

মাসদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের পৃথক সচিবালয়ের দাবি জানিয়েছে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

বুধবার (২০ নভেম্বর) এ বিষয়ে তারা গণমাধ্যমে একটি বিবৃতি পাঠান।

এতে বলা হয়, মঙ্গলবার (১৯ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি ও বিচারবিভাগের সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভায়।

উক্ত সভায় বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠাসহ বিচারকদের অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অ্যাসোসিয়েশনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

বিচার বিভাগের অর্থবহ স্বাধীনতা নিশ্চিতকল্পে একটি পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি।

প্রধান বিচারপতি এরই মধ্যে বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করেছেন। যা বর্তমানে সরকারের বিবেচনাধীন রয়েছে। বিচার বিভাগ পৃথককরণ-সম্পর্কিত ঐতিহাসিক মাসদার হোসেন মামলায় সরকারের প্রতি যে ১২ দফা নির্দেশনা প্রদান করা হয়েছে, তার অষ্টম দফায় সংসদ ও নির্বাহী বিভাগ থেকে পৃথক করে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টিকে বিচার বিভাগীয় স্বাধীনতার গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি নিশ্চিতের লক্ষ্যে আইন ও বিধিতে প্রয়োজনীয় সংস্কার আনার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ওই রায়ের সপ্তম দফায় বিচারকদের নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টের প্রাধান্য নিশ্চিতের কথা বলা হয়েছে।

মাসদার হোসেন বনাম বাংলাদেশ মামলার সপ্তম ও অষ্টম দফায় বলা হয়, বিচার বিভাগের ওপর সুপ্রিম কোর্টের কার্যকর নিয়ন্ত্রণ ও প্রাধান্য প্রতিষ্ঠা করতে হলে কিংবা আইন ও নির্বাহী বিভাগের প্রভাব থেকে মুক্ত করে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করতে হলে একটি পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন দ্রুততম সময়ের মধ্যে বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।

ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন