দ্রুতই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চাই : আলী রীয়াজ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৩
দ্রুতই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চাওয়ার কতা জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে শিগগির প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা করে বৈঠক করা হবে।’
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন, ‘এ কমিশনের মেয়াদ ছয় মাস। এ জন্য আমরা যত দ্রুত সম্ভব ঐকমত্যে পৌঁছাতে চাই।’
তিনি বলেন, ‘আজকের বৈঠকে সবগুলো রাজনৈতিক দলই ঐকমত্য পোষণ করেছে যে, দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এমনকি সবগুলো দলই সংস্কার কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকারকে সহযোগী করবেন বলে একমত হয়েছেন। তারা সরকারের সংস্কার কার্যক্রমে অংশ নেবেন বলেও জানিয়েছেন।’
সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব মনে করেন আলী রীয়াজ। তিনি বলেন, ‘সংলাপের ক্ষেত্রে আমরা দ্রুত সম্ভব ঐকমত্যে পৌঁছাতে চাই। কিন্তু যেহেতু ছয়টি কমিশনের প্রতিবেদন আমরা রাজনৈতিক দলগুলোকে পাঠাচ্ছি, এগুলো পর্যালোচনা করার জন্য তাদের কিছুটা সময় দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই অত্যন্ত দ্রুততার সঙ্গে সংলাপটি সম্পন্ন হোক। কেননা, এ সংস্কার কর্মসূচিগুলো অগ্রসর হওয়া দরকার এবং ঐকমত্যটা প্রতিষ্ঠা করা দরকার। যাতে আমরা দ্রুত সময় নির্বাচনের পথে অগ্রসর হতে পারি।’
ডিআর/এমজে

