আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন ২ গবেষক ও এক প্রতিষ্ঠান
বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৬
মাতৃভাষার চর্চা, সংরক্ষণ, বিকাশ ও গবেষণা ক্ষেত্রে অনন্য সাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক-২০২৫ পদক পাচ্ছেন দুজন গবেষক ও একটি প্রতিষ্ঠান।
এরা হলেন, ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক মনসুর মুসা (আবুল মনসুর মুহম্মদ আবু মুসা), রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলী অনুবাদক জোসেফ ডেভিড উইন্টার এবং বাংলাদেশ দূতাবাস, প্যারিস।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস উপস্থিত থেকে মনোনীতদের এ পদক দেবেন।
এ সময় তিনি এ বছর বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতিদানের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা ২১ ফেব্রুয়ারি দুপুর ৩টায় ইউনেস্কো আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে শুভেচ্ছাবার্তা দেবেন।
ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশি ও বিদেশি ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক’ প্রদান করা হয়ে থাকে। পদক হিসেবে ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র ও ৪ লাখ টাকা কিংবা সমমূল্যের ডলার দেওয়া হয়।
উল্লেখ্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের ইউনেস্কো থেকে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেওয়া হয়।
- ওএফ

