তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ২ দিনের কর্মসূচি শুরু
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৪
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজ সোমবার থেকে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শীর্ষক বিএনপির ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লালমনিরহাটের তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চরে কর্মসূচির উদ্বোধন করবেন।
তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্মসূচি পালন করছে বিএনপি।
সরেজমিনে দেখা গেছে, কর্মসূচি উপলক্ষ্যে তিস্তা নদীর তীর ধরে লালমনিরহাট প্যান্ডেল করা হয়েছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মীর সমাগম হয়েছে সেখানে।
কর্মসূচি উপলক্ষে এই দুই দিন নেতা-কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে এসব প্যান্ডেলে।
মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাপনী কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন।
তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারাজ পয়েন্টসহ লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারীসহ পাঁচ জেলার ১১ পয়েন্টে তাঁবু খাটিয়ে একই সময়ে এই কর্মসূচি পালন করছে দলটি।
নাটক ও সংগীতের মাধ্যমে দুই দিনব্যাপী তুলে ধরা হবে তিস্তা পাড়ের মানুষের জীবন কাহিনী।
ডিআর/বিএইচ

