মাতৃভাষা দিবসে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে : ডিএমপি কমিশনার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৫
পরিবর্তিত পরিস্থিতিতে ভিন্ন পেক্ষাপটে উদযাপিত হচ্ছে এবারের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবস ঘিরে সুযোগ সন্ধানীরা যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।
গোয়েন্দা সংস্থার পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও সার্বিক সহায়তা ও নজরদারি বাড়াতে বলেছেন তিনি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এসব নির্দেশনা দেন তিনি।
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সংস্কৃতি মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।
সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এনএমএম/ওএফ

