পুলিশ কথা বলতে নিষেধ করায় ইনু বললেন, ‘কথা বললে কী হবে’
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৩
ফাইল ছবি
গণহত্যার অভিযোগে গ্রেপ্তার জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ ১৬ আসামিকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকেই একে একে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রিজনভ্যান থেকে নেমে নীরবেই আদালতের দিকে যান আসামিরা। এ সময় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু একটু কথা বলতে চেষ্টা করেন। তখন পুলিশ তাকে বলে, কথা বলা থেকে বিরত থাকতে। ইনু হেঁটে আদালতে যাওয়ার সময় বলেন, ‘কথা বললে কী হবে?’
সাংবাদিকদের দিকে তাকিয়ে হাসানুল হক ইনু বলেন, ‘কি, আপনারা ভালো?’ এরপর বাকিদের সঙ্গে ট্রাইব্যুনালে প্রবেশ করেন তিনি।
এ ছাড়া প্রিজনভ্যান থেকে নামতেই হাত তুলে সালাম দেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। এরপর হাঁটতে হাঁটতে উপস্থিত গণমাধ্যমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ‘আসসালামু আলাইকুম’ বলতে বলতে আদালতে প্রবেশ করেন।
তবে এ সময় মাথা নিচু করে আদালতে প্রবেশ করেন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বাকি আসামিরা কারো সাথে কোনো কথা বলেননি বা কারো দিকে তাদের চোখ ফিরিয়ে তাকাতে দেখা যায়নি।
- ডিআর/এমজে

