Logo

জাতীয়

শহীদ মিনারে নিরাপত্তাহীনতার শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৫

অ
শহীদ মিনারে নিরাপত্তাহীনতার শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

আজ রাত ১২টার পর থেকেই ২১ ফেব্রুয়ারির আনুষ্ঠানিকতা শুরু হবে। মহান এই দিবসকে কেন্দ্র করে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আমরা কোনো জঙ্গির আশঙ্কা করছি না। একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, তবে আমাদের তল্লাশি চলবে। আমরা সতর্ক অবস্থানে আছি।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সার্বিক নিরাপত্তা বিষয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেস বিফ্রিংকালে এসব কথা বলেন তিনি। 

সাজ্জাত আলী বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ থেকে ১২টা ৪০ পর্যন্ত শহীদ মিনারে ভিভিআইপি ও ভিআইপিরা ফুল দেবেন। ভোগান্তি এড়াতে ওই সময় সাধারণ মানুষকে না আসার জন্য অনুরোধ করছি। ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেট উন্মুক্ত করে দেয়া হবে।

তিনি বলেন, রাতে যারা আসবেন তারা নির্দিষ্ট সময়েই আসার অনুরোধ করছি। বেদীতে ফুল দেওয়ার সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিরাপত্তাহীনর কোনো শঙ্কা নেই।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত পুলিশ সদস্যরা শহীদ মিনার এলাকাজুড়ে কড়া নিরাপত্তায় সচেষ্ট থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া কোনো সমস্যা নেই। আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে। যে সমস্ত শীর্ষ সন্ত্রাসীরা জামিনে আছেন তাদের এরিয়া ভিন্ন। এ শহীদ মিনারকে কেন্দ্র করে তাদের আগ্রহ নেই। জঙ্গি হামলারও আশঙ্কা নেই।

এদিকে, ভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রুট অনুসরণে কিছু নির্দেশনা দিয়েছে ডিএমপি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বসাধারণকে কিছু রুট অনুসরণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

রুটগুলো হলো, পলাশী ক্রসিং-ভাস্কর্য ক্রসিং-জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ এবং শ্রদ্ধা নিবেদন শেষে রোমনা ক্রসিং-দোয়েল চত্বর হয়ে প্রস্থান। শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, চানখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং এবং বকশীবাজার ক্রসিং এ ডাইভারশন থাকবে।

ডিআর/এটিআর/এনএমএম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন