মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযান নিয়ে যা জানাল আইএসপিআর
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৯
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে যৌথবাহিনীর অভিযানে দুইজন নিহত ও ৫ সন্ত্রাসীকে আটকের তথ্য দিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যৌথবাহিনীর একটি দল অভিযান চালায়। অভিযানের সময় যৌথ বাহিনীর সদস্যরা একটি গলির দুই পাশে ঘেরাও করলে সন্ত্রাসীরা একটি একতলা ভবনের ছাদ থেকে আভিযানিক দলটির ওপর অতর্কিত গুলি চালায়। আভিযানিক দলটি আত্মরক্ষার্থে তৎক্ষণাৎ পাল্টা ব্যবস্থা গ্রহণ করে এবং ৫ জন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।
পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ছাদের ওপর থেকে দুই জনের মৃতদেহ উদ্ধার করে। আটক ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানায় আইএসপিআর।
এর আগে, আইনশৃঙ্খলাবাহিনী সূত্রে আটক ও নিহতদের পরিচয় জানা গেছে। নিহত দুজন হলেন- ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে মিরাজ হোসেন (২৫)। তিনি মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকার ৮ নম্বর রোডের সান্দামির বাড়িতে ভাড়া থাকতেন।
অপরজন হলেন, শরীয়তপুরের গোসাইর হাটের দেশভুয়াই গ্রামের আব্দুল সাত্তারের ছেলে মো. জুম্মন (২৬)। তিনি চাঁদউদ্যান এলাকার ৫ নম্বর রোডের হুজুরের বাড়ির ভাড়াটিয়া। তাদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আর আটককৃত হলেন- ভোলার দুলারহাট থানার নীলকমল এলাকার আব্দুর রবের ছেলে মো. হোসেন (২৩), একই জেলার লালমোহন উপজেলার মিরাজ (২৫), মমিনুল (২০), মেহেদী (১৭) ও বরিশালের মুলাদী উপজেলার সেলিমপুর গ্রামের মো. রহিমের ছেলে মো. আল আমিন (২৪)।
তারা সবাই চাঁদ উদ্যান ও কেরানীগঞ্জ এলাকায় ভাড়া থাকেন। তারা মোহাম্মদপুর থানা হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- ওএফ

