চাকরি হারালেন প্রশিক্ষণরত ৬ সহকারী পুলিশ সুপার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৮
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
এবার ৪০তম বিসিএসের ৬ সহকারী পুলিশ সুপারকে (শিক্ষানবিশ-এএসপি) সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তারা রাজশাহীর সারদাতে প্রশিক্ষণরত ছিলেন।
রাষ্ট্রপতির আদেশে (২০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে প্রজ্ঞাপন জারি করে অপসারণ করা হয় তাদের। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।
অপসারণ হওয়া সহকারী পুলিশ সুপাররা হলেন- মো. আশরাফউজ্জামান, মানস কীর্ত্তনীয়া, শান্তু রায়, মো. সোহেল রহমান, কাজী ফাইজুল করীম এবং সঞ্জীব দেব।
প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
এর আগে, গত বছরের ১৯ নভেম্বর ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিশ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনিবার্য কারণবশত স্থগিত করা হয়। কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।
এনএমএম/এমআই

