দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে নির্বাচিত সরকার প্রয়োজন : মির্জা ফখরুল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৬
ছবি : বাংলাদেশের খবর
দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে হলে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে (লাকসাম-মনোহরগঞ্জ) উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা যদি বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে পারি এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেওয়া হবে। বৈশ্বিক কারণে নয়, সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। আওয়ামী লীগ দেশকে তাদের পৈত্রিক সম্পত্তি মনে করে লুট করছে এবং জনগণকে প্রজা বানিয়ে রেখেছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মানা হবে না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, যাতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যায়। তবে আমরা বিরাজনীতিকরণ, মাইনাস টু বা জঙ্গিবাদ দেখতে চাই না। আমরা উদার গণতন্ত্র চাই ।’
তিনি আরও বলেন, ‘গত ১৬ বছর যাবত বিএনপি সকল হত্যাকাণ্ড, গুম, খুন ও হুমকি উপেক্ষা করে রাজপথে আন্দোলন চালিয়ে আসছে এবং এখনো সক্রিয় রয়েছে। যতদিন দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত না হচ্ছে, ততদিন বিএনপি রাজপথে থাকবে। দেশকে দ্রুত ফ্যাসিবাদ মুক্ত করতে হলে জনগণের নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।’
এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।
প্রধানবক্তা ছিলেন বিএনপির ভাইসচেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিম।
এছাড়া উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এমএএস/এমআই

