রিমান্ড শুনানি রোববার
সাবেক সিনিয়র সচিব মহিবুল কারাগারে
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১১:৫৫
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়ার সচিব মহিবুল হককে (৬৪) রিমান্ডে নেওয়ার আবেদন শুনানির জন্য আগামী রোববার (২৪ নভেম্বর) দিন ধার্য করা হয়েছে।
মামলার নথি দায়রা জজ আদালতে থাকায় রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।
এর আগে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মহিবুলকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই ফেরদৌস আলম পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেন।
বুধবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় ওই মামলা রুজু করা হয়।
জেইউ/এমইউ

