রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি সালাহউদ্দিন মিয়াজী
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৪
ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে দুইদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে তাকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে সালাহউদ্দিন মিয়াজীকে ঝিনাইদহ থানা থেকে কঠোর নিরাপত্তায় আদালতে নিয়ে যাওয়া হয়।
তবে তাকে আদালতের কাঠগড়ায় তোলা হয়নি। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচতলায় পুলিশ জিপে কিছু সময় অপেক্ষার পর সরাসরি জেলা কারাগারে পাঠানো হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের মামলায় সন্দেহভাজন হিসেবে সালাহউদ্দিন মিয়াজীকে গ্রেপ্তার করা হয়। গত ১৯ ফেব্রুয়ারি ওই মামলায় দুইদিনের পুলিশ রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
ওসি আরও জানান, রিমান্ড শেষে শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়। পরে ঝিনাইদহ সদর আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. রুমানা আফরোজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য সালাহউদ্দিন মিয়াজীকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি রাতে যশোরের রুদ্রপুর গ্রাম থেকে শ্যামলছায়া পার্কে সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে গ্রেপ্তার করা হয়। খবর পেয়ে উত্তেজিত ছাত্র-জনতা সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পার্কের সামনে অবস্থান নেয়। পরে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে এবং পুলিশে হস্তান্তর করে।
এম বুরহান উদ্দীন/এমবি

