Logo

জাতীয়

আ.লীগ নিয়ে আগাম কিছু বলা যাবে না : নতুন সিইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১৩:৩৪

অ
আ.লীগ নিয়ে আগাম কিছু বলা যাবে না : নতুন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচন হবে কিনা সে বিষয়ে আগাম কিছু বলা যাবে না বলে মন্তব্য করেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা প্রয়োজন, সব করা হবে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সিইসি হিসেবে নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দায়িত্ব যখন এসেছে, আমাদের সুষ্ঠুভাবে তা পালন করতে হবে। এ জন্য প্রয়োজন সবার সহযোগিতা। 

আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচন করবেন কি না, এমন প্রশ্নে নতুন সিইসি বলেন, এটা নিয়ে বিতর্ক রয়েছে। এ নিয়ে আগাম কিছু বলা যাবে না। সময় যখন আসবে তখন সবাই দেখতে পাবে।

নির্বাচনের জন্য কতদিন সময় বিষয়ে তিনি বলেন, নির্বাচনের জন্য তো কিছু প্রস্তুতি আছেই। অনেক ছেলে-মেয়ের বয়স ১৮ হয়ে গেছে। তাদের ভোটার তালিকায় আনতে হবে। আবার শুধু জাতীয় নির্বাচনের জন্য ভোটারের তালিকা করলে হবে না। উপজেলা নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, এর জন্য আলাদা তালিকা করতে হবে। এটা একটা বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, আমি সততার সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব। আমার নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে। তারা তা করতে পারবেন বলে আমি মনে করেন।

সিইসি নাসির উদ্দীন বলেছেন, মানুষ যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেটা নিশ্চিত করতে সব চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। 

এদিন নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার এবং আরও চার কমিশনার নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নাসির উদ্দীন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি ২০০৯ সালের জানুয়ারিতে অবসরে গেছেন।

এছাড়া নির্বাচন কমিশনার পদে নিয়োগ পাওয়া চারজন হলেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। 

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন