ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপ্নের বাস্তবায়ন করতে আমরা বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেখানে জনগণই থাকবে সকল ক্ষমতার মালিক। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার লক্ষ্য ছিল বৈষম্যহীন, শোষণমুক্ত এবং কল্যাণময় সমাজ প্রতিষ্ঠা করা, যা বাস্তবায়ন করা তাঁর সরকারের প্রধান লক্ষ্য।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকার সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
বিশ্ব দরবারে মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা সকল দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। জলবায়ু সঙ্কট মোকাবেলা এবং বৈশ্বিক শান্তি ও অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’
মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘মুক্তিযুদ্ধের ফলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা ও পরিচিতি লাভ করেছে। দেশ স্বাধীন করার মহান ব্রত নিয়ে ‘৭১ এর ২৫ মার্চ কাল রাত থেকে বাঙ্গালী সেনারা সেনানিবাস ত্যাগ করে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। একই সাথে এই দেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সাধারণ মানুষ সকলেই যার যা কিছু আছে তাই নিয়েই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। পরবর্তীতে যা একটি জনযুদ্ধে রূপ নেয়। আমাদের মা বোনেরা মুক্তিযোদ্ধাদের পাশে থেকে প্রশিক্ষণ গ্রহণসহ বিভিন্নভাবে যুদ্ধে সহযোগিতা করেছেন।’
ড. ইউনূস বলেন, "মুক্তিযোদ্ধারা আমাদের এমন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন, যেখানে প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। নতুন বাংলাদেশে আমরা চাই, কেউ কারো উপর নয়, বরং সবাই সমান সুযোগ-সুবিধা ভোগ করবে।" তিনি জুলাই-আগস্ট মাসে ছাত্রজনতার বিপ্লবের কথা স্মরণ করে বলেন, এই বিপ্লবের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি।
দেশের বাইরে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে, এবং জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের দেশ আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে যাবে।
অধ্যাপক ইউনূস মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাহিনীর অবদানের কথা স্মরণ করে বলেন, "যুদ্ধের সময় আমাদের সশস্ত্র বাহিনী এবং সাধারণ জনগণের আত্মত্যাগের কারণে আমরা স্বাধীনতা লাভ করেছি।" তিনি এই দিবসে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, "তাদের আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।"
এছাড়া, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার নিয়মিত বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
ডিআর/এমএইচএস

