Logo

জাতীয়

অপ্রয়োজনে বল প্রয়োগ না করার নির্দেশ সেনাপ্রধানের

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০০

অ
অপ্রয়োজনে বল প্রয়োগ না করার নির্দেশ সেনাপ্রধানের

ছবি : বাংলাদেশের খবর

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান যৌথ অভিযানে সেনা সদস্যদের পেশাদার আচরণ করা এবং অপ্রয়োজনে বল প্রয়োগ না করার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান।

জেনারেল ওয়াকার উজ জামান বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য এ কাজটা আমাদের করে যেতে হবে। প্রথমে মনে করেছিলাম, আমরা কাজটা তাড়াতাড়ি শেষ করে আমরা সেনানিবাসে ফেরত আসতে পারব। কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। 

তিনি আরও বলেন, আমি জানি যে বহু দিন ধরে কাজটা করে যাচ্ছি। ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে। দেশ ও জাতির জন্য তোমাদের এ সেবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না একটা নির্বাচিত সরকার পেয়ে যাই, দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে। আমাদের এ কাজটা করে যেতে হবে। ধৈর্যের সাথে কাজটা করে যেতে হবে।

সেনাপ্রধান বলেন, ডিপ্লয়মেন্ট থাকার সময়ে উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না। আমাদের নজর রাখতে হবে, কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যাতে না হয়। বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এ কাজগুলো করতে গিয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায়। সেগুলো যথাসম্ভব বল প্রয়োগগুলো যাতে অত্যন্ত প্রপোর্শনেট হয়, যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় তত ভালো। ইনশাআল্লাহ আমরা সবাই যদি একসাথে কাজ করি, আমরা দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব। আমরা একটা সুন্দর দেশ পাবো।

তিনি আরও বলেন, পরিশেষে এ সুন্দর একটা প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমি এমটি ডায়রেক্টরেটকে ধন্যবাদ জানাচ্ছি। ৯ পদাতিক ডিভিশনকে, জিওসি, তার সব স্টাফকে ধন্যবাদ জানাচ্ছি।

এ সময় জেনারেল ওয়াকার উজ জামান আরও বলেন, একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ে দক্ষতা অত্যন্ত জরুরি। এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর এ প্রতিযোগিতা সেনা সদস্যদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরিফুল ইসলাম সাব্বির/এনএমএম/এমআই/এমবি
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন