ঋণ জালিয়াতি
বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে দুদকে তলব
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৬:০৭
ব্যাংক থেকে তিন হাজার ৩০০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো চিঠিতে আগামী ৮ ও ৯ ডিসেম্বর দুদকে হাজির হয়ে বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তাদের স্ব স্ব বক্তব্য দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক আকতারুল ইসলাম।
চিঠিতে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের চাক্তাই শাখার গ্রাহক মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ, জুবিলি রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টসের নামে নেওয়া ঋণ পরিদর্শন ও পর্যবেক্ষণ মনিটরিং সংক্রান্ত নথিপত্রও চাওয়া হয়েছে।
অভিযোগটির অনুসন্ধান করছেন কর্মকর্তা দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাত।
৮ ডিসেম্বর হাজির হতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মো. জুবাইর হোসেন, খোরশেদুল আলম, দেবাশীষ বিশ্বাস, মুহাম্মদ জিয়াউদ্দিন বাবুল, রুবেল চৌধুরী, অতিরিক্ত পরিচালক ছলিমা বেগম ও যুগ্ম পরিচালক সুনির্বাণ বড়ুয়া, বেলাল হোসেন, অনিক তালুকদারকে।
৯ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের যুগ্ম পরিচালক সৈয়দ মু. আরিফ-উন-নবী, অতিরিক্ত পরিচালক শংকর কান্তি ঘোষ, মো: আব্দুর রউফ, মো. মঞ্জুর হোসেন খান, মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. শোয়াইব চৌধুরী, উপপরিচালক লেনিন আজাদ পলাশ ও পরিচালক মো. সরোয়ার হোসাইনকে হাজির হতে বলা হয়েছে।
একই ঘটনায় এর আগে বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ২০ ও ২১ নভেম্বর ডেকেছিল দুদক। তারা হাজির হননি ফলে তাদেরকে আবার ডাকা হয়েছে।
দুদক বলছে, মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারওয়ার চৌধুরী, জুবিলি রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টসসহ অন্যান্যরা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন।
প্রাথমিকভাবে দুদক মনে করছে, নামে-বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ জালিয়াতির সুবিধাভোগী এস আলম গ্রুপ।
তিন হাজার ৩০০ কোটি টাকার ঋণ অনিয়মের অভিযোগটি আমলে নিয়ে নথিপত্র সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ করছে সংস্থাটির অনুসন্ধানী টিম।
এমএজে/এমএইচএস

