কয়লা ধুলে ময়লা যায় না: আওয়ামী লীগের ফের লগি-বৈঠার হিংস্রতা
অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৪
অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, ছবি: সংগৃহীত
বাংলা প্রবাদে আছে- ‘কয়লা ধুলে ময়লা যায় না’। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ক্ষেত্রে এই প্রবাদটি যেন শতভাগ অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। ক্ষমতার লোভ, রক্তপাত, আগুন সন্ত্রাস আর লাশের অপরাজনীতি যে দলটির অস্থিমজ্জায় মিশে আছে, শত ঘাত-প্রতিঘাত ও গণঅভ্যুত্থানের পরও তাদের সেই আদিম ও হিংস্র চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। দীর্ঘ দুই দশক পর ২০২৬ সালের নভেম্বরে এসে আবারও সেই একই বর্বর রূপে আবির্ভূত হয়েছে এই অপশক্তি।
সাম্প্রতিক সময়ে (১৫ নভেম্বর ২০২৬) গোপালগঞ্জ জেলা শহরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লম ও দেশীয় মারণাস্ত্র হাতে যে প্রকাশ্য সশস্ত্র মহড়া ও তাণ্ডব চালিয়েছে, তা গোটা দেশবাসীকে নতুন করে ২০০৬ সালের সেই ভয়াবহ বিভীষিকার কথা মনে করিয়ে দিয়েছে।
১৯ নভেম্বরের কথিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সেদিন সকাল থেকে দুপুর পর্যন্ত টানা কয়েক ঘণ্টা গোপালগঞ্জ শহরকে কার্যত জিম্মি করে রাখে এই সশস্ত্র ক্যাডার বাহিনী। প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শহরের লঞ্চঘাট, ব্যাংকপাড়া, সরকারি কলেজ ও প্রেসক্লাব এলাকায় তারা ব্যাপক ভাঙচুর, বিএনপির নেতাদের বাড়িতে আগুন, থানায় আগুন, ককটেল বিস্ফোরণ এবং সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের মাধ্যমে চরম নৈরাজ্য সৃষ্টি করে। এমনকি রাষ্ট্রের সার্বভৌমত্ব ও গণঅভ্যুত্থানের স্মারক ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও হাদী চত্বরের নামফলক গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি পুলিশের সাজোয়া যান এবং পুলিশ বক্সেও নৃশংস হামলা চালানো হয়।
এর আগে টুঙ্গিপাড়াতেও নিষিদ্ধ সংগঠনটির ক্যাডাররা বিএনপি ও যুবদলের কার্যালয় ভাঙচুর এবং পুলিশের পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করেছিল। গোপালগঞ্জের এই সাম্প্রতিক তাণ্ডব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে সরকার ইতিমধ্যে সেখানকার জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার ও পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে বদলি করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করে। গোপালগঞ্জের এই প্রকাশ্য বর্বরতা প্রমাণ করে যে, লগি-বৈঠা আর আগুনের সন্ত্রাসই আওয়ামী লীগের মূল রাজনৈতিক দর্শন।
২০০৬ সালের ২৮ অক্টোবরের রক্তাক্ত লগি-বৈঠা হত্যাকাণ্ড ও আদিম বর্বরতা: গোপালগঞ্জে ২০২৬ সালের নভেম্বরে নিষিদ্ধ আওয়ামী লীগের হাতে যে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র দেখা গেছে, তার ঐতিহাসিক শিকড় প্রোথিত রয়েছে ২০০৬ সালের ২৮ অক্টোবরের রক্তাক্ত রাজপথে। সেদিন প্রকাশ্য দিবালোকে রাজধানীর প্রাণকেন্দ্র পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় তৎকালীন বিরোধীদল আওয়ামী লীগের নেতৃত্বে যে নৃশংস ‘লগি-বৈঠা’ তাণ্ডব চালানো হয়েছিল, তা কেবল একটি রাজনৈতিক সংঘাত ছিল না; বরং সেটি ছিল বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি, আইনের শাসন এবং মানবিক মূল্যবোধের ওপর এক চরম বর্বরোচিত আঘাত। ২০০৬ সালের অক্টোবরে তৎকালীন চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগকে কেন্দ্র করে দেশে এক কৃত্রিম রাজনৈতিক সংকট তৈরি করা হয়। সংবিধান অনুযায়ী বিচারপতি কে এম হাসানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কথা থাকলেও, আওয়ামী লীগ এবং তাদের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট শুরু থেকেই এর বিরোধিতা করে রাজপথে চরম অরাজকতা ও সহিংসতার পথ বেছে নেয়।
তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা প্রকাশ্য জনসভায় দলীয় নেতাকর্মীদের ‘লগি-বৈঠা’ নিয়ে রাজপথে নামার সরাসরি নির্দেশ দিলে সারা দেশে এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে। ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের উত্তর গেটে চারদলীয় জোটের শান্তিপূর্ণ সমাবেশ ভণ্ডুল করতে সকাল থেকেই পল্টন মোড়, বিজয়নগর, মুক্তাঙ্গন ও গুলিস্তান এলাকায় সশস্ত্র অবস্থান নেয় লগি-বৈঠা বাহিনী। দেশি-বিদেশি গণমাধ্যমের ক্যামেরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই সেদিন পল্টন মোড়ে প্রকাশ্য রাস্তায় পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় ছয়জন নিরপরাধ মানুষকে। সেদিন টেলিভিশনের পর্দায় বিশ্ববাসী দেখেছিল এক পৈশাচিক দৃশ্য, যেখানে রক্তাক্ত নিথর দেহগুলোর ওপর লগি-বৈঠা হাতে হায়েনার মতো উল্লাস ও নৃত্য করতে দেখা যায় হামলাকারীদের। মুমূর্ষু অবস্থায় মাটিতে পড়ে থাকা যুবকদের মাথায় ও শরীরে বারবার লগি ও বৈঠা দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করার সেই দৃশ্য গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছিল।
আওয়ামী লীগের ধ্বংসাত্মক ও রক্তাক্ত অপরাজনীতির বিপরীতে বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির ইতিহাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর দুই মহান কাণ্ডারির অবদান চিরস্মরণীয়। ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানের বজ্রকণ্ঠে স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে যে মুক্তির পথ রচিত হয়েছিল, রাষ্ট্রক্ষমতায় এসে তিনিই দেশকে সেই স্বনির্ভরতার শিখরে নিয়ে যান। ঐতিহাসিক ‘খাল খনন কর্মসূচি’ ও কৃষি বিপ্লবের মাধ্যমে তিনি বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেন এবং তৈরি পোশাকশিল্প, জনশক্তি রপ্তানি, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সার্ক গঠনের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে এক মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত করেন।
পরবর্তী সময়ে তারই সুযোগ্য সহধর্মিণী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে বারবার গণতান্ত্রিকভাবে রাষ্ট্রক্ষমতায় এসে দেশকে উন্নয়নের এক অনন্য মাইলফলকে পৌঁছে দেন। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, অবৈতনিক নারী শিক্ষা ও উপবৃত্তি চালু, কৃষি ও শিল্প খাতের ব্যাপক প্রসার এবং যুগান্তকারী অবকাঠামো উন্নয়নের মাধ্যমে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি আত্মমর্যাদাশীল ও উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে পরিচিত করেছে। বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি ও চারদলীয় জোট সরকার দেশের অর্থনীতি, অবকাঠামো, শিক্ষা ও গ্রামীণ উন্নয়নে এক অভূতপূর্ব ও বৈপ্লবিক গতিশীলতা ফিরিয়ে এনেছিল। চারদলীয় জোটের সেই ঈর্ষণীয় ও সফল রাষ্ট্র পরিচালনার পর সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছিল। কিন্তু দেশপ্রেমিক এই জোটের আকাশচুম্বী জনপ্রিয়তার সামনে জনগণের ভোটে জয়লাভ করা অসম্ভব বুঝতে পেরে তৎকালীন বিরোধীদল আওয়ামী লীগ ভোটার তালিকা ও তত্ত্বাবধায়ক সরকার ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশে এক কৃত্রিম ও নৈরাজ্যকর রাজনৈতিক সংকট তৈরি করে। সংলাপ ও সাংবিধানিক সমাধানের পথ রুদ্ধ করে আওয়ামী লীগ ও তাদের দোসররা হরতাল, অবরোধ, প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠার রক্তাক্ত হত্যাযজ্ঞ এবং লাগাতার অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশের স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনীতির চাকা সম্পূর্ণ স্থবির করে দেয়।
আওয়ামী লীগের সেই লাগাতার নৈরাজ্য ও নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ২০০৭ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারকে হটিয়ে সেনা-সমর্থিত অসাংবিধানিক সরকার ক্ষমতা দখল করে, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ‘এক-এগারো’র কালো অধ্যায় নামে পরিচিত। এক-এগারোর পর দেশে জরুরি অবস্থা জারি করে জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক রাজনীতিকে অবরুদ্ধ করা হয়। কথিত অভিযানের আড়ালে দেশের সবচেয়ে জনপ্রিয় ও জাতীয়তাবাদী শক্তি বিএনপি এবং এর শীর্ষ নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ তৃণমূলের নেতাকর্মীদের ওপর নজিরবিহীন জেল-জুলুম ও বর্বরোচিত নির্যাতন চালানো হয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ নেতাদের দম্ভোক্তি ও বক্তব্যেই দিবালোকের মতো স্পষ্ট হয়ে ওঠে যে, এক-এগারোর অবৈধ সরকার ছিল তাদেরই আন্দোলনের ফসল। এই ষড়যন্ত্রের মাধ্যমে একটি পাতানো ও একতরফা নির্বাচনের পথ তৈরি করে দেশে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসনের ভিত্তি স্থাপন করা হয়েছিল।
২৮ অক্টোবরের সেই নৃশংস হত্যাযজ্ঞের পর সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠা করা। ঘটনার পরদিন পল্টন থানায় নিহতদের পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও ভিডিও ফুটেজের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছিল এবং পুলিশ তদন্ত শেষে চার্জশিটও প্রদান করেছিল। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করে ‘রাজনৈতিক হয়রানিমূলক মামলা’ আখ্যা দিয়ে প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যার সেই মামলাগুলো প্রত্যাহার করে নেয়। টেলিভিশনের পর্দায় যাদের পিটিয়ে মানুষ মারতে এবং লাশের ওপর নৃত্য করতে দেখা গিয়েছিল, সেই চিহ্নিত খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পরিবর্তে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত ও পুনর্বাসিত করা হয়। এই বিচারহীনতার সংস্কৃতিই পরবর্তী দীর্ঘ ১৭ বছর ধরে দেশে গুম, খুন, ক্রসফায়ার এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচার গণহত্যার মতো ফ্যাসিবাদী রাজনীতিকে উৎসাহিত করেছিল। ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে এবং মানুষ আবারও নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে।
কিন্তু পরাজিত এই অপশক্তি যে এখনো তাদের হিংস্র চরিত্র বদলায়নি, ২০২৫ সালের ১৬ই জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলা চালিয়ে চারজনকে হত্যা এবং সর্বশেষ ২০২৬ সালের ১৫ নভেম্বর আবারও লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র হাতে গোপালগঞ্জ শহরে তাণ্ডব চালানো তারই জ্বলন্ত প্রমাণ। কয়লা ধুলে যেমন ময়লা যায় না, তেমনি আওয়ামী লীগের রক্ত থেকেও সন্ত্রাস ও হিংস্রতা কখনো মুছে যাবে না। আজকের এই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর এবং ২০২৬ সালের গোপালগঞ্জের এই রক্তাক্ত ঘটনা থেকে রাষ্ট্র ও নাগরিক সমাজকে কঠোর শিক্ষা নিতে হবে। নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসী সংগঠনটি যেন দেশের আর কোনো প্রান্তে লগি-বৈঠা কিংবা মারণাস্ত্র হাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। একই সঙ্গে ২০০৬ সালের ২৮ অক্টোবরের নৃশংস হত্যাকাণ্ড এবং গোপালগঞ্জের সাম্প্রতিক তাণ্ডবের সষ্ঠু ও নিরপেক্ষ বিচার করে প্রকৃত খুনি ও নির্দেশদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি।
লেখক: রাজনীতিবিদ, আইনজীবি ও কলাম লেখক।

