রাজু আহমেদ, ছবি: সংগৃহীত
রফিকুল ইসলাম (সবে) একটি নাম, একটি ইতিহাস, একটি জনপদের হৃদয়ে চিরজাগরুক এক অবিস্মরণীয় অধ্যায়।
কিছু মানুষের মৃত্যু হয়, কিন্তু তাদের কখনো প্রস্থান ঘটে না। তারা সময়ের সীমানা পেরিয়ে মানুষের হৃদয়ে, জনপদের ইতিহাসে এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরের স্মৃতিতে বেঁচে থাকেন। শহীদ রফিকুল ইসলাম ছিলেন তেমনই একজন বিরল মানুষ।
বুধবার (২৫ নভেম্বর)—আমাদের প্রিয় এ মানুষটির ২৮তম মৃত্যুবার্ষিকী।
দেখতে দেখতে কতগুলো বছর পেরিয়ে গেল! অথচ আজও শ্যামকুড়, মহেশপুর ও এর আশপাশের জনপদের পথে-প্রান্তরে, মাঠে-ঘাটে, হাটে-বাজারে, চায়ের দোকানের আড্ডায় কিংবা মানুষের ঘরোয়া আলোচনায় তার নাম উচ্চারিত হয় গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আক্ষেপের সঙ্গে।
তিনি শুধু একজন জনপ্রতিনিধি ছিলেন না; তিনি ছিলেন একটি জনপদের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, একজন নির্ভীক সমাজসংস্কারক, ন্যায়বিচার প্রতিষ্ঠার সাহসী কারিগর এবং অসংখ্য মানুষের আস্থা, নির্ভরতা ও ভালোবাসার ঠিকানা।
শ্যামকুড় ইউনিয়নের পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান, মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং আধুনিক শ্যামকুড় ইউনিয়ন বিনির্মাণের অন্যতম প্রধান রূপকার ছিলেন আমাদের এ প্রিয় মানুষটি। তার রাজনৈতিক পরিচয়ের চেয়েও বড় ছিল মানুষের প্রতি তার দায়বদ্ধতা।
ক্ষমতা তার কাছে ভোগের বিষয় ছিল না, ছিল মানুষের সেবা করার পবিত্র দায়িত্ব। জনগণের ভালোবাসা ও আস্থাই তাকে বারবার নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করেছিল।
মহেশপুর উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল অসামান্য। উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রতিটি ইউনিয়নে সংগঠনকে শক্তিশালী করা, তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করা এবং দলকে সুসংগঠিত করার জন্য তিনি নিরলসভাবে ছুটে বেড়াতেন। অনেক সময় কোনো যানবাহনের অপেক্ষা না করে সাইকেল চালিয়েই ছুটে যেতেন এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে, এক গ্রাম থেকে আরেক গ্রামে। রোদ-বৃষ্টি, পথের দূরত্ব কিংবা শারীরিক ক্লান্তি—কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। দলীয় নেতা-কর্মীদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে, তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলে তিনি অর্জন করেছিলেন এক অনন্য জনপ্রিয়তা। মহেশপুর উপজেলার তৃণমূল পর্যায়ের মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়, আস্থাভাজন ও ভালোবাসার একজন নেতা। তার জনপ্রিয়তা শুধু রাজনৈতিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না; তা বিস্তৃত ছিল মানুষের ব্যক্তিগত ভালোবাসা, বিশ্বাস ও শ্রদ্ধার গভীরে।
শিক্ষা বিস্তারে তার অবদান ছিল এক অনন্য ইতিহাস। পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার পেছনে ছিল তার দূরদর্শী চিন্তা, শ্রম, ত্যাগ ও স্বপ্ন। শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়নসহ, গুড়দাহ মাধ্যমিক বিদ্যালয়, তালসার মাধ্যমিক বিদ্যালয় এবং এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,মসজিদ,মাদ্রাসা নির্মাণের অগ্রযাত্রায় ছিল তার অসামান্য ভূমিকা। একই সময়ে চারটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ এবং অসংখ্য প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও অবকাঠামো নির্মাণে তার অবদান আজও স্মরণীয়। তিনি গভীরভাবে উপলব্ধি করেছিলেন, একটি জনপদের প্রকৃত উন্নয়ন শুরু হয় শিক্ষার আলো জ্বালানোর মধ্য দিয়ে।
সুপেয় পানির সংকট নিরসনেও তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক ও মানবিক। মানুষের বিশুদ্ধ পানির কষ্ট লাঘবে বিভিন্ন গ্রামে অসংখ্য গভীর নলকূপ ও নলকূপ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। মানুষের মৌলিক চাহিদা পূরণকে তিনি নিজের দায়িত্ব মনে করতেন। তার কাছে উন্নয়ন মানে শুধু রাস্তা-ঘাট কিংবা অবকাঠামো নির্মাণ নয়, মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন করা।
ধর্মীয় ও সামাজিক অবকাঠামো নির্মাণেও তিনি ছিলেন অক্লান্ত। শ্যামকুড় ইউনিয়নের অসংখ্য মসজিদের উন্নয়ন ও নির্মাণে তার সহযোগিতা ছিল উল্লেখযোগ্য। শ্যামকুড় ইউনিয়নের বিভিন্ন ঈদগাহের অবকাঠামো নির্মাণ এবং মানুষের ধর্মীয় ও সামাজিক প্রয়োজনে তিনি ছিলেন সর্বদা নিবেদিতপ্রাণ।
যোগাযোগব্যবস্থার উন্নয়নে তার অবদানও ছিল অপরিসীম। ইউনিয়নের এমন খুব কম রাস্তা-ঘাটই খুঁজে পাওয়া যাবে, যার উন্নয়ন, সংস্কার কিংবা নির্মাণে তার কোনো না কোনো অবদান ছিল না। গ্রামের সঙ্গে গ্রামের সংযোগ, মানুষের চলাচলের সুবিধা এবং জনজীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করেছেন।
এক কথায়, শিক্ষা, যোগাযোগ, ধর্মীয় প্রতিষ্ঠান, সুপেয় পানি, সামাজিক নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে তাঁর পদচিহ্ন ছড়িয়ে আছে। আজকের আধুনিক শ্যামকুড় ইউনিয়নের উন্নয়নের যে ভিত্তি, তার অন্যতম প্রধান রূপকার ছিলেন শহীদ রফিকুল ইসলাম ( সবে)।
তবে তার সবচেয়ে বড় পরিচয় ছিল—তিনি ছিলেন ন্যায়বিচার ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার এক সাহসী অভিভাবক।
এক সময় শ্যামকুড় ইউনিয়নকে চুরি-ডাকাতির ভয় থেকে মুক্ত করে একটি নিরাপদ জনপদে পরিণত করতে তিনি অসামান্য ভূমিকা রেখেছিলেন। তার ন্যায়পরায়ণতা, সাহসিকতা ও ব্যক্তিত্বের সামনে অন্যায় মাথা তুলে দাঁড়ানোর সাহস পেত না। মানুষের হারিয়ে যাওয়া মূল্যবান জিনিসপত্র হাটে-বাজারে কিংবা পথে-ঘাটে পড়ে থাকলেও তা আত্মসাৎ করার প্রবণতা ছিল না; মানুষ তা যথাস্থানে ফিরিয়ে দিত। সততা, বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ সামাজিক পরিবেশ গড়ে উঠেছিল তার নেতৃত্বে।
তিনি মানুষের কাছে শুধু চেয়ারম্যান ছিলেন না; ছিলেন বিপদে-আপদে পাশে দাঁড়ানোর মানুষ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর, অসহায় মানুষের শেষ আশ্রয়।
তার মৃত্যুর ছয় মাস পরেও শ্যামকুড় ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসত। ভাবলে আজও বুকটা ভারী হয়ে আসে। একজন মানুষের চলে যাওয়ায় এতগুলো পরিবার, এতগুলো গ্রাম, এতগুলো মানুষের হৃদয়ে এমন শূন্যতা তৈরি হতে পারে—তা হয়তো তার চলে যাওয়ার পরই মানুষ উপলব্ধি করেছিল।
আজ ২৮ বছর পরও যখন পথেঘাটে, মাঠে-ঘাটে, চায়ের দোকানে কিংবা মানুষের ঘরের আড্ডায় তার প্রসঙ্গ ওঠে, তখন অনেকের মুখে শুনতে পাই—
'এমন একজন চেয়ারম্যান, এমন একজন নেতা যদি আবার পেতাম!'
এই কথাগুলো শুনলে বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে ওঠে। মনে হয়, একজন মানুষ কতটা ভালোবাসা অর্জন করলে তার চলে যাওয়ার এত বছর পরেও মানুষ তাকে এভাবে স্মরণ করে! কতটা মানুষের আপনজন হলে তার অনুপস্থিতি আজও একটি জনপদকে ভাবিয়ে তোলে!
আমার মনে হয় এ কথাগুলোই একজন দেশপ্রেমিকের জীবনের সবচেয়ে বড় অর্জন। কোনো পদ-পদবি, ক্ষমতা কিংবা সম্পদের চেয়েও মানুষের মুখে উচ্চারিত এমন ভালোবাসা অনেক বেশি মূল্যবান।
আজ আমরা তার মন একজনকে নেতা হিসেবে পেয়ে গর্বিত, আবার একই সঙ্গে গভীরভাবে বেদনাহত। জীবনের অনেক মুহূর্তে মনে হয়, আজ যদি তিনি বেঁচে থাকতেন! যদি একবার তার পাশে বসতে পারতাম, তার কণ্ঠে কিছু কথা শুনতে পারতাম, তার স্নেহমাখা হাতের স্পর্শ পেতাম! হয়তো অনেক না বলা কথা বলা হতো, অনেক জমে থাকা অনুভূতির প্রকাশ ঘটত।
আপনার হাতে গড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজও শিক্ষার আলো জ্বলছে। আপনার উদ্যোগে নির্মিত রাস্তায় মানুষ চলাচল করছে। আপনার সহযোগিতায় গড়ে ওঠা মসজিদগুলোতে আজও প্রার্থনার ধ্বনি উচ্চারিত হচ্ছে। আপনার স্থাপন করা নলকূপ থেকে আজও মানুষ পানি পান করছে। আপনার হাতে গড়া উন্নয়নের স্মৃতিগুলো আজও এই জনপদের মানুষের দৈনন্দিন জীবনের অংশ।
আপনি নেই, কিন্তু আপনার কর্ম আছে। আপনি নেই, কিন্তু আপনার আদর্শ আছে। আপনি নেই, কিন্তু মানুষের হৃদয়ে আপনার জন্য যে ভালোবাসা, তা আজও অমলিন।
সময় অনেক কিছু বদলে দিয়েছে, প্রজন্ম বদলেছে, নেতৃত্ব বদলেছে; কিন্তু আপনার প্রতি মানুষের ভালোবাসা ও অভাববোধ আজও বদলায়নি।
পৃথিবীতে অনেক নেতা জন্ম নেন, অনেকেই ক্ষমতা পান; কিন্তু খুব কম মানুষই মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিতে পারেন, সেই বিরল মানুষদের একজন ছিলেন আপনি। তার সবচেয়ে বড় পরিচয় তিনি কতবার চেয়ারম্যান হয়েছিলেন, তা নয়; তার সবচেয়ে বড় পরিচয়—২৮ বছর পরেও মানুষ তাঁকে কতটা গভীরভাবে মনে রেখেছে।
আপনার ২৮তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা, অশ্রুসিক্ত স্মরণ ও গভীর ভালোবাসা। মহান আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।
লেখক: গণমাধ্যমকর্মী।
বাংলাদেশের খবর/আরইউ

