Logo

অন্যান্য

জোড়া নবদম্পতির নাম এক

যমজ ভাইদের সঙ্গে যমজ বোনদের বিয়ে

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৬:০৯

যমজ ভাইদের সঙ্গে যমজ বোনদের বিয়ে

ছবি: সংগৃহীত

যমজ দুই ভাই বিয়ে করেছেন যমজ দুই বোনকে। কাকতালীয়ভাবে দুই জোড়া নবদম্পতির নামও এক!

নাইজেরিয়ার ইবাদান শহরে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এমনই এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন। যমজ ভাই তাইও ওগুনতোয়ে এবং কেহিন্দে ওগুনতোয়ে বিয়ে করেছেন যমজ বোন তাইও আদেদিরান ও কেহিন্দে আদেদিরানকে। আরও মজার বিষয় হলো, ভাই তাইওর জীবনসঙ্গী হয়েছেন বোন তাইও, আর ভাই কেহিন্দে বিয়ে করেছেন বোন কেহিন্দেকে।

গত শনিবার (২০ জুন) রঙিন আয়োজনের এই দ্বৈত বিয়েতে চারজনই পরেছিলেন মিলিয়ে তৈরি করা পোশাক। পরিবারের সদস্য, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে ইবাদানের বিশপ আকিনইয়েলে মেমোরিয়াল অ্যাংলিকান চার্চে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। 

তবে এই প্রেমের গল্পের শুরুটা এতটা সহজ ছিল না। বর তাইও বলেন, ‘আমরা সবসময়ই একসঙ্গে বিয়ে করতে চেয়েছিলাম, আর আমাদের ইচ্ছা ছিল যমজ মেয়েদেরই বিয়ে করার।’ 

কিন্তু শুরুতে এই প্রস্তাবে মোটেও রাজি ছিলেন না দুই বোন। হাসতে হাসতে কনে কেহিন্দে বলেন, ‘আমরা প্রথমে বলেছিলাম, না; আমরা যমজদের সঙ্গে প্রেম করতে চাই না।’ 

সময়ের সঙ্গে বদলে যায় সিদ্ধান্ত। বন্ধুত্ব থেকে সম্পর্ক, আর সেই সম্পর্কই শেষ পর্যন্ত গড়ায় বিয়েতে। বহুদিনের স্বপ্ন পূরণ করে চারজনই একসঙ্গে নতুন জীবনে পা রাখেন।

বিয়ের আগে ঐতিহ্যবাহী বাগদান অনুষ্ঠান এবং পরে জমকালো ‘হোয়াইট ওয়েডিং’ অনুষ্ঠিত হয়। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যমজ ভাইরা যৌথ পোস্টে লেখেন, ‘যমজরা বিয়ে করল যমজদের! ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান ছিল অসাধারণ। আমাদের আনন্দের দিনে যারা পাশে ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’ আরেকটি পোস্টে তারা লেখেন, ‘চিরদিনের জন্য একসঙ্গে।’ 

ইয়োরুবা সংস্কৃতিতে ‘তাইও’ নামের অর্থ ‘যমজদের মধ্যে যে প্রথম পৃথিবীর স্বাদ নেয়’। অন্যদিকে ‘কেহিন্দে’ অর্থ ‘যমজদের মধ্যে পরে জন্ম নেওয়া সন্তান’। 

এই অনন্য বিয়ের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই একে ‘দ্বিগুণ ভালোবাসা’ এবং ‘নিখুঁত কাকতালীয়তা’ বলে আখ্যা দিয়েছেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন