ইডেনের সমন্বয়ক ইতির ছবি দাবিতে ভারতীয় নারীর ছবি প্রচার
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৬:০৮
সম্প্রতি ইতি নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইডেন মহিলা কলেজের একজন সমন্বয়কের আপত্তিকর দৃশ্য দাবিতে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো ইডেনের সমন্বয়ক ইতির নয় বরং ভারতীয় পর্ণসাইট থেকে ভিন্ন এক নারীর আপত্তিকর কিছু ছবি সংগ্রহ করে সেগুলোকে ইতির ছবি দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে প্রাথমিক অনুসন্ধানে ইডেন কলেজের ইতি নামের কোনো সমন্বয়ক আছে কিনা তার খোঁজ চালায় রিউমর স্ক্যানার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ গত বছরের ৩১ জুলাই তার ফেসবুক অ্যাকাউন্টে সংগঠনের ইডেন মহিলা কলেজ শাখার সমন্বয়ক পরিষদের সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের একটি সংশোধিত তালিকা প্রকাশ করেন। এই তালিকায় সমন্বয়ক হিসেবে তিলোত্তমা ইতি নামে ২০২০-২১ সেশনের একজন শিক্ষার্থীর নাম উল্লেখ পাওয়া যায়।
রিউমর স্ক্যানার ইতির ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে বের করেছে। অ্যাকাউন্টে থাকা তার ছবিগুলোর সাথে আলোচিত ছবিগুলোর মিল পাওয়া যায়নি।
ছবিগুলোর বিষয়ে অনুসন্ধানে রিউমর স্ক্যানার দেখতে পায়, অন্তত ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ভারতীয় বিভিন্ন পর্ণসাইটে (সঙ্গত কারণে লিংক সংযুক্ত করা হয়নি)। এই ছবিগুলো অ্যালবাম আকারে পাওয়া যাচ্ছে। এসব ছবিতে উক্ত নারীর পরিচয় উল্লেখ করা হয়নি।
সুতরাং, ভারতীয় পর্নসাইটে ভিন্ন নারীর আপত্তিকর ছবিকে ইডেন কলেজের সহ-সমন্বয়ক তিলোত্তমা ইতির ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
- ওএফ

