লেখকের বাকস্বাধীনতার বিরুদ্ধে বাংলা একাডেমির অবস্থান : তসলিমা নাসরিন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩২
লেখকের বাকস্বাধীনতার বিরুদ্ধে বাংলা একাডেমির অবস্থান বলে মন্তব্য করেছেন নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার বই ‘চুম্বন’ বইমেলায় নিষিদ্ধের খবরে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
‘চুম্বন’ নিষিদ্ধ সংক্রান্ত সানজানা মেহরান নামের একজনের পোস্ট শেয়ার করে তিনি ক্যাপশনে তসলিমা লেখেন, ‘১৯৯২ সালে বাংলা একাডেমি আমার বই মেলার সব স্টল থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছিল, আমাকেও মেলা প্রাঙ্গণ থেকে সরে যেতে বাধ্য করেছিল। আজ ৩২ বছর পরও বাংলা একাডেমি সেই একই জায়গায় রয়ে গেছে, এর কোনো উন্নতি হয়নি। এ এখনো শোধরায়নি।’
তিনি বলেন, ‘বাংলা একাডেমি আজও মেলায় আমার বই নিষিদ্ধ করে, আমি যদি যেতাম মেলায়, আজও আমাকে সরে যেতে বাধ্য করত। আজও লেখকের বাকস্বাধীনতার বিরুদ্ধে অথর্ব বাংলা একাডেমির অবস্থান। অসহিষ্ণু মৌলবাদি, যারা সন্ত্রাস করার হুমকি দেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বাংলা একাডেমির পরিচালক এবং আইনশৃঙ্খলা বাহিনী আজও লেখকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। লেখকের বই বইমেলায় নিষিদ্ধ করছেন। লজ্জা হয় না আপনাদের? অবশ্য লজ্জা থাকলে তো হবে।’
সানজানা মেহরান তার পোস্টে লেখেন, ‘বাংলা একাডেমির মেলার মাঠের দায়িত্বে যিনি আছেন, আমাকে কল দিয়ে বলল তসলিমা নাসরিনের বই সরিয়ে ফেলতে। শাহবাগ থানার ওসিও একই কথা বললেন। বাধ্য হয়ে সরাতে হচ্ছে তসলিমা নাসরিনের চুম্বন বইটি।’
তবে বই নিষিদ্ধের সিদ্ধান্ত হয়নি বলে বাংলাদেশের খবরকে জানিয়েছেন অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব ড. সরকার আমিন।
ডিআর/এমজে

