‘আহমদীয়া জামাতের’ শততম বার্ষিক সম্মেলন সমাপ্ত
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪১
‘আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের’ ১০০তম বার্ষিক সম্মেলন (সালানা জলসা) অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বখশিবাজার রোডে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে তিনদিনের এ সম্মেলন সমাপ্ত হয়। তাদের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর আহমদীয়া মুসলিম জামাতের ১০৮ বছর পূর্ণ হলেও কিছু অনিবার্য কারণে ৯টি জলসা অনুষ্ঠিত হতে না পারায় ১০০তম সালানা জলসা উদযাপন করা হচ্ছে। ১৯১৭ সালে বাংলায় প্রথম জলসা ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয় এবং ১৯৫১ সালে তা ঢাকায় স্থানান্তরিত হয়।
এ সম্মেলনে আল্লাহর অস্তিত্ব, হযরত মুহাম্মদ (সা.) -এর শ্রেষ্ঠত্ব, কুরআনের স্থায়ী শিক্ষা আধুনিক বিজ্ঞান, মির্যা গোলাম আহমদ কাদিয়ানী ও ‘আহমদীয়া মুসলিম জামাতের’ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা নিয়ে আলোচনা হয়। এছাড়া এ জামাতের বিশ্ব প্রধান মির্যা মাসরূর আহমদ খলিফাতুল মসিহ আল-খামেস-এর বাণী পাঠ করা হয়।
এ সম্মেলন উপলক্ষে দেশে-বিদেশে শুভেচ্ছাবাণী পাঠানো হয়। সবশেষে দেশবাসী, সরকার ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে সম্মেলনটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
এইচকে/এমবি/এমএইচএস

