সংস্কার প্রস্তাব নিয়ে রোববার মতামত জমা দেবে বিএনপি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৪:১১
সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আগামী রোববার (২৩ মার্চ) ঐকমত্য কমিশনের কাছে মতামত জমা দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (২০ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এই কথা বলেন।
তিনি বলেন, যেসব সংস্কারের বিষয়ে ঐকমত্য পৌঁছানো যাবে, সেগুলোর কাজ এগিয়ে যাবে। বাকিগুলো সংসদের মাধ্যমে চূড়ান্ত হবে। নির্বাচন নিয়ে দেশ ও দেশের বাইরে সবারই আগ্রহ রয়েছে। নির্বাচন ও সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন।
তিনি আরও বলেন, দেশে কবে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরবে সেসব বিষয়গুলো আলোচনায় গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া, রাজনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক নিয়ে রাষ্ট্রদূতের সাথে দীর্ঘ আলোচনা হয়েছে।
এনএমএম/এটিআর

