আরেকটি খারাপ নির্বাচন চাই না : জামায়াত আমির
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১২:৪০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, সংস্কারগুলো সাধন না করে নির্বাচন অতীতের মতোই হবে। তিনি বলেন, অতীতের মতো আরেকটি খারাপ নির্বাচন চাই না।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড.শফিকুর বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। এ অবস্থায় দেশে নির্বাচন হওয়ার আগে তিনটি শর্ত পূরণ হতে হবে। মৌলিক সংস্কার, সহাবস্থানসহ নির্বাচনের শর্ত পূরণ করতে হবে। তা নাহলে নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কি না, তা আল্লাহই জানেন।
জামায়াত আমির বলেন, অনেক কষ্টে যা এসেছে এতে তিনটি জিনিস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর প্রধান হচ্ছে দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার। আমরা তা সংস্কার কমিশনের কাছে দিয়েছি। এসব পরিবর্তন ছাড়া কোনো নির্বাচন হলে তা গণতন্ত্রের কোনো ভিত্তি গঠন হবে না। এ নির্বাচনও তাহলে পূর্বের মতো খারাপ হবে। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যে বিজয় এসেছে সেখানে এই পরিবর্তন খুবই জরুরি।
তিনি আরও বলেন, নির্বাচনের বিষয়টি আমরা জনগণের ওপর ছেড়ে দিই। তারা অতীত দেখবে, তাদের পছন্দমতো দল বাছাই করবে। আমরা এই মানসিকতা বের হতে চাই যে, ‘নির্বাচনে আমি হেরে গেলাম তো নির্বাচন সুষ্ঠু হয় নি’।
- ডিআর/এটিআর

