ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়নে নির্বাচনের জন্য চাপ
মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৭:৫৪
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছরে যারা বার বার জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় ছিলো তাদের মুখে ক্ষমতায় গিয়ে সংস্কার বেমানান। ৫৩ বছরে যারা সংস্কার করেনি করতে পারেনি তাদেরকে জনগণ আর বিশ্বাস করে না। সংস্কারবিহীন নির্বাচনের চাপ দিয়ে তারা নতুন বাংলাদেশে আাবার ফ্যাসিজম কায়েম করতে চায়। সারাদেশে বিদ্যমান দখল, চাঁদাবাজি, লুটতরাজই তার জ্বলন্ত দৃষ্টান্ত।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে তিনি আরও বলেন, ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়নেই তারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করছে। সংস্কার ছাড়া যারা আজ নির্বাচনের জন্য তড়িঘড়ি করছে, তারা জুলাই অভ্যুত্থানে শহীদের প্রতি গাদ্দারি করছে।
তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনি কারো চাপের কাছে নতি স্বীকার করবেন না। দেশের সিংহভাগ রাজনৈতিক দল ও জনগণের অকুণ্ঠ সমর্থন আপনার প্রতি আপনার সরকারের প্রতি রয়েছে।
একইসাথে মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম আরও বলেন, ভারতে মুসলিম গণহত্যা চলছে। ধর্মনিরপেক্ষতার আড়ালে আজ ভারতে যা চলছে তা কেবলই বর্বরতা। তিনি ভারতের বর্বরতার বিরুদ্ধে বিশ্ববিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানান।
ডিআর/বিএইচ

