‘সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন শহীদদের রক্তের সাথে গাদ্দারি’
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৭:৫৯
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।
সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, হাসিনার মতো স্বৈরাচারের সূচনাও হয়েছিল একটি নির্বাচনের মাধ্যমে। পতিত ফ্যাসিবাদও তিনটা নির্বাচন করেছে। তারপরেও জাতিকে ২৪ এ রক্ত উৎসর্গ করতে হয়েছে। এর অর্থ হলো নির্বাচনই সমাধান না। বরং সংস্কারহীন নির্বাচন আরেকটি স্বৈরাচার প্রতিষ্ঠার সুযোগ করে দেবে। সে কারণে ইসলামী আন্দোলন পরিষ্কার করে বারংবার দাবি জানাচ্ছে প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচন আয়োজন করতে হবে।’
তিনি আরও বলেন, সাম্প্রতিক নির্বাচন নিয়ে যেভাবে রাজনৈতিক চাপ তৈরি করা হচ্ছে তাতে সংস্কার বাধাগ্রস্ত হওয়ার আসঙ্কা তৈরি হচ্ছে। রাজনৈতিক চাপে সংস্কারকে অসম্পন্ন রেখে নির্বাচন আয়োজন করলে শতশত শহীদের রক্তের সাথে গাদ্দারি করা হবে। অভ্যুত্থানে আহতরা এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে।
নির্বাচন নিয়ে চাপ তৈরি করা দলসমূহের প্রতি আহ্বান রেখে তিনি বলেন, ‘আপনার দলের নেতৃত্ব বাছাই প্রক্রিয়ায় নির্বাচন আয়োজন করে দেখুন। তাতেই দেখা যাবে রাজনৈতিক হানাহানি ও সহিংসতা কি তীব্র ও হিংস্র আকারে এখনও বিরাজমান। এই বাস্তবতায় জাতীয় নির্বাচন আয়োজন করে দেশকে আবারও সহিংস ও হিংস্র রাজনীতির মধ্যে ঠেলে দেওয়ার জন্য ২৪ এ ছাত্র জনতা রক্ত দেয় নাই।’
ডিআর/এমআই

