জবাবদিহি না থাকলে ফেরেশতা বসালেও ভালো নির্বাচন হবে না : সাইফুল হক
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৮:২৪
ভালো নির্বাচন আয়োজন করতে হলে নির্বাচন কমিশনকে (ইসি) জবাবদিহির আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, জবাবদিহির ব্যবস্থা না থাকলে ফেরেশতা বসালেও ভালো নির্বাচন সম্ভব নয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সাইফুল হক বলেন, কমিশনের কাছে ৩১ দফা লিখিত সুপারিশ পেশ করেছি। তারা একটি খসড়া আচরণবিধি তৈরি করছে, যেটি এখনো প্রকাশ করা হয়নি। আমরা বলেছি, আচরণবিধি একতরফাভাবে চূড়ান্ত না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সেটি প্রণয়ন করা উচিত। তাহলে তা কার্যকর ও গ্রহণযোগ্য হবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন, সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা চাই, সেই স্বাধীনতার বাস্তব প্রয়োগ দেখতে। ইসির ক্ষমতা ও সক্ষমতা বাড়ানোর বিষয়ে পরামর্শ দিয়েছি। একই সঙ্গে বলেছি, কমিশনকে জবাবদিহির মধ্যে আনা দরকার। যদি কমিশন কোনো ব্যত্যয় ঘটায়, তাহলে 'সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল'–এর মাধ্যমে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হওয়া উচিত।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন পরিচালনা করেন ডিসি, এসপি, ওসি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাই কমিশনের নিজস্ব জনবল বাড়িয়ে তাদের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর জোর দিয়েছি।
এসআইবি/এমএইচএস

