কওমি মাদ্রাসা ভিত্তিক ইসলামী দলগুলোর সাথে চরমোনাই পীরের সংলাপ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৩:৫৬
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কওমি মাদ্রাসাভিত্তিক ইসলামী দলগুলোর প্রতিনিধিদের নিয়ে সংলাপে বসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর পৌনে ১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত এই সংলাপে বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ করণীয় ও সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন।
সংলাপে অংশ নিয়েছেন দেশের শীর্ষস্থানীয় কয়েকজন ইসলামী দলীয় নেতা। তাদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি হযরত মাওলানা আব্দুল রব ইউসুফী, খেলাফত মজলিসের সেক্রেটারি জেনারেল ড. আহমদ আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী এবং প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
এ ছাড়া সংলাপে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নেজামে ইসলাম পার্টি বাংলাদেশের মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার ও সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারি।
উপস্থিত আছেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী এবং খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী ও যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।
সংলাপে অংশ নেওয়া নেতারা দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামী দলগুলোর করণীয়, পরস্পরের মধ্যে ঐক্য ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে মতবিনিময় করছেন বলে জানা গেছে।
এমএইচএস

