ষড়যন্ত্রকারীদের ঘুম হারাম হয়ে গেছে : সেলিম উদ্দিন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৬:৪১
‘শোষণমুক্ত’ রাষ্ট্র গঠনে আপোষহীনভাবে আমাদের এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর উত্তরায় পলওয়েল কমিউনিটি সেন্টারে কেন্দ্র ঘোষিত ‘দাওয়াতি পক্ষ’ উপলক্ষে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘অনেক ত্যাগ-তিতিক্ষার পর দেশে একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই সুযোগকে কাজে লাগিয়ে শোষণমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গঠনের পথে আপোষহীনভাবে এগিয়ে যাওয়া।’
সেলিম উদ্দিন বলেন, ‘জনগণের মধ্যে জামায়াতের প্রতি প্রত্যাশা বাড়ছে। সাধারণ মানুষ মনে করছে, ইসলামী মূল্যবোধে প্রতিষ্ঠিত কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতই হতে পারে তাদের ভরসার ঠিকানা।’
তিনি আরও বলেন, ‘আমাদের উচিত জনগণের আবেগ-অনুভূতি ও প্রত্যাশাকে সম্মান জানিয়ে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া। দায়িত্বশীলদের সবসময় মাঠে থাকতে হবে এবং আপোষহীন ভূমিকা রাখতে হবে।’
সেলিম উদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইসলামী আন্দোলনের জন্য পরিবেশ অনুকূল হলেও প্রতিপক্ষ চুপ করে নেই। তারা নানাভাবে ষড়যন্ত্র করছে। আত্মতুষ্টির সুযোগ নেই-তাদের দুর্বল ভাবাটাও হবে মারাত্মক ভুল। তাই ফ্যাসিবাদী শক্তির নতুন উত্থান ঠেকাতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দীন মানিক, ইয়াছিন আরাফাত, হেমায়েত হোসেন ও জিয়াউল হাসান।
এএইচএস/এমআই

