আজ শুক্রবার (২ মে) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এ কর্মসূচির আয়োজন করেছে দলটি।
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত চতুর্থ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আখতার হোসেন। সারাদেশ থেকে কেন্দ্রীয় সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ‘পলিটিক্যাল কাউন্সিল’ ও ‘নির্বাহী কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ‘পলিটিক্যাল কাউন্সিল’ নীতিনির্ধারণী কাজ পরিচালনা করবে এবং বাস্তবায়নের দায়িত্ব পালন করবে ‘নির্বাহী কাউন্সিল’। তিন মাস পর এসব কমিটির কার্যকারিতা মূল্যায়ন করে প্রয়োজনে পুনর্গঠন করা হবে।
এছাড়া, দলের গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে পাঁচ বা ততোধিক সদস্যের একটি টিম গঠন করা হয়। দলীয় খসড়া গঠনতন্ত্র এক সপ্তাহের মধ্যে প্রস্তুত করতে নির্দেশনা দেওয়া হয়েছে ওই টিমকে।
একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির নির্দেশনাও দেওয়া হয় সাধারণ সভা থেকে।
এদিকে, আজকের সমাবেশকে সামনে রেখে বুধবার মিরপুর ও বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ আর রাজনৈতিক দল নয়। গণ-অভ্যুত্থানের মাধ্যমে তারা তাদের রাজনৈতিক বৈধতা হারিয়েছে। তাই দ্রুত বিচার করে দলটিকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।’
ডিআর/এমএইচএস

