Logo

রাজনীতি

একদিন পিছিয়ে ৬ মে দেশে ফিরছেন খালেদা জিয়া

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৮:৫৪

অ
একদিন পিছিয়ে ৬ মে দেশে ফিরছেন খালেদা জিয়া

একদিন পেছাল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ। আগামী ৫ মে’র পরিবর্তে ৬ মে (মঙ্গলবার) দেশে ফিরবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য দিয়েছেন।

শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়া ৫ মে লন্ডন থেকে কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হবেন এবং ৬ মে ঢাকায় এসে পৌঁছাবেন।

এর আগে ২০২৪ সালের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। প্রথম ১৭ দিন তিনি ছিলেন লন্ডনের একটি হাসপাতালে। পরে ২৫ জানুয়ারি থেকে তিনি থাকছেন বড় ছেলে তারেক রহমানের বাসায়। দীর্ঘ ছয় বছরের বেশি সময় পর এবার পরিবার নিয়ে ঈদ উদযাপন করেন বিএনপি চেয়ারপারসন।

২০১৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে খালেদা জিয়া পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। পরে করোনা মহামারির সময় সরকার তাকে ‘বিশেষ বিবেচনায়’ মুক্তি দেয়, তবে তিনি ছিলেন গৃহবন্দি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। একই বছরের সেপ্টেম্বরে আদালত তার বিরুদ্ধে থাকা দুইটি দুর্নীতির মামলার রায় বাতিল করে।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীরা।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন