Logo

রাজনীতি

৬ মে কখন ঢাকায় অবতরণ করবেন খালেদা জিয়া?

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৩:০৪

অ
৬ মে কখন ঢাকায় অবতরণ করবেন খালেদা জিয়া?

প্রায় চার মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামী মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।

দলীয় সূত্র জানায়, কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফিরবেন। সোমবার লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে সোমবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ভ্রমণসূচিতে পরিবর্তন আনা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তার বিমান ঢাকায় নামবে।

এদিকে, খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহের জন্য কাতারের সরকার ও অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, কাতারের সরকার, রাজপরিবার এবং বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিএনপির আবেদনে এবং ইউনূস সরকারের অনুরোধে কাতারের আমির এই অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সটি দিয়েছেন।

তিনি আরও লেখেন, চিকিৎসার জন্য ম্যাডাম জিয়ার লন্ডন যাওয়া ও দেশে ফেরার এই সুযোগ, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সসহ সব সুবিধা বিনা মূল্যে নিশ্চিত হওয়ায় আমরা আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করছি।

বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, খালেদা জিয়ার আগমণ উপলক্ষে দলের পক্ষ থেকে বিমানবন্দরের বাইরে সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে প্রশাসনের অনুমতি সাপেক্ষে কর্মসূচি চূড়ান্ত করা হবে।

  • ডিআর/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন