Logo

রাজনীতি

হাসনাতের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ মিছিল

Icon

বাংলাদেশের ‍প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৫, ০০:১৯

অ
হাসনাতের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ মিছিল

রাজধানীসহ সারাদেশে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে /ছবি : সংগৃহীত

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা। 

রোববার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে বাংলামোটর রূপায়ন টাওয়ারের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটির আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর শাখা।

বিক্ষোভ মিছিলে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। এসময় বিক্ষোভকারীরা ‘তুমি কে আমি কে, হাসনাত হাসনাত’, ‘হাসনাতের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমার ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন চুপ কেন’, ‘হাসনাতের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ এই ধরনের বিভিন্ন প্রতিবাদী স্লোগানে দেন তারা।

মিছিলটি বাংলামোটর থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে আবার রূপায়ন টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। 

বিক্ষোভ মিছিলে আসা নেতাকর্মীরা বলছেন, গণঅভ্যুত্থানের অন্যতম সেনানায়ক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা নিন্দনীয়। এটি মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।

এদিকে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে গাজীপুর, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ জেলাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ডিআর/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন