Logo

রাজনীতি

বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদ জাগ্রত পার্টির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩

অ
বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদ জাগ্রত পার্টির

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাগ্রত পার্টি (বাজপ)। বুধবার (৪ ডিসেম্বর) পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল খান ও মহাসচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে ভারতের প্রচার মাধ্যমগুলো বাংলাদেশ সম্পর্কে অতিরঞ্জিত ও অসত্য তথ্য প্রচারে লিপ্ত রয়েছে। সম্প্রতি ভারতীয় শাসকদল কর্তৃক বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর হাস্যকর আবদার দুই দেশের জনগণের ঐক্য ও সাম্প্রদায়িক বিভাজন দূর করার বিপরীতে নতুন ধরনের উস্কানির মধ্যে ফেলছে। একটা স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ তা মোটেই প্রত্যাশা করে না। 

নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের এক শ্রেণির উগ্রবাদী মহল বাংলাদেশ সরকার ও দেশের জনগণের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে প্রকৃত তথ্যের বদলে তাদের অতিরঞ্জন ও বিভ্রান্তিকর তথ্য সাম্প্রদায়িক বিভাজনের ক্ষেত্র তৈরি করছে। 

অপপ্রচার চালিয়ে ভারত পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে উল্লেখ করে বিবৃতিতে  বলা হয়, আমরা তীব্র ক্ষোভ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে,  বাংলাদেশে একশ্রেণির ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী এখানে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পক্ষান্তরে ভারতীয় হিন্দু উগ্রবাদীদের হীন উদ্দেশ্য সাধনে সহায়তা করছে। দুই দেশে সাম্প্রদায়িক মেরুকরণ আরও তীব্র করছে।

বিবৃতিতে সাম্প্রদায়িক শক্তির পাতা ফাঁদে পা না দিয়ে পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এছাড়া এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের প্রতিও দাবি জানানো হয়েছে।

এফএটি/ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন