দেশের শিক্ষাঙ্গণও আজ অনিরাপদ : ইসলামী আন্দোলন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৮:১৭
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার (১৪ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ এক বিবৃতিতে এ দাবি জানিয়ে বলেছেন, সামান্য ঘটনায় মেধাবী এক তরুণের এমন মৃত্যু আমাদের সামাজিক অস্থিরতা ও অসহিষ্ণুতাকে প্রকট করে তোলে।
বিবৃতিতে মহাসচিব বলেন, এই ঘটনায় জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত দৃশ্যমান উন্নতি করতে হবে।
তিনি বলেন, ‘ঢাকার কেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও এখন নিরাপদ নয়। সাম্যের ঘটনা আমাদেরকে ব্যথিত ও বিস্মিত করেছে। দেশের শিক্ষাঙ্গণও আজ অনিরাপদ।’
অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, রাষ্ট্রের প্রধান কাজই হলো গণ-নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বাংলাদেশের ভাগ্যহত মানুষের নিরাপত্তা নিশ্চিত হয় নাই কোনোকালেই। অবিলম্বে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
এমআই

