Logo

রাজনীতি

থাইল্যান্ড পালানোর সময় বিএনপি নেতা আটক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৪:৪১

অ
থাইল্যান্ড পালানোর সময় বিএনপি নেতা আটক

নারায়ণগঞ্জের সাবেক বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সাবেক বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী থাইল্যান্ড পালানোর পথে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে তাকে আটক করে পুলিশ। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছেন।

জানা গেছে, রিয়াদ মোহাম্মদ চৌধুরী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থি অনৈতিক কার্যকলাপে জড়িত থাকায় রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ বহিষ্কার করা হয়েছে।

এর আগে ফেসবুকে ছড়িয়ে পড়ে একটি অডিও ক্লিপ। যেখানে নারায়ণগঞ্জের ব্যবসায়ী আজাদ হোসেনকে চাঁদার দাবিতে হুমকি দিতে শোনা যায় রিয়াদকে। এতে তিনি বলেন, ‘চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হবে’।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, তার বিরুদ্ধে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ ছিল। সে মূলত এ ঘটনায় আটকের ভয়ে বৃহস্পতিবার সকালের দিকে থাইল্যান্ডে পালিয়ে যেতে যাচ্ছিলেন। তখন এয়ারপোর্ট থেকে পুলিশ তাকে আটক করতে সক্ষম হন। 

পুলিশ সুপার জানান, রিয়াদ মোহাম্মদ চৌধুরী বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন। চাঁদাবাজির ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয়নি। মামলা দায়ের হলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়ে দেওয়া হবে।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন